দুর্নীতিগ্রস্ত শাসনকাঠামো বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভবনয়: খালেকুজ্জামান
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক কমরেড খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের পরিস্থিতিতে সামরিক স্বৈরশাসক এরশাদের উৎখাতের পর সৃষ্ট শূন্যতা পুরণের জন্য। পরবর্তী সময়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশায় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দুর্নীতিবাজ শাসক শ্রেণী তাকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসনকাঠামো বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভবনয়, এটা সচেতন ব্যক্তিমাত্রই স্বীকার করবেন।
তিনি বলেন, আবারও তত্ত্ববধায়ক সরকার নিয়ে বিতর্ক উঠেছে। এই দলগুলি যে গণতান্ত্রিক চারিত্র্য-বৈশিষ্ট্য ও মূল্যবোধের ধার ধারে না এটা তারও একটা পরিচয়পত্র। জনগণের ক্ষমতাকেই এই দলগুলি নিজেদের ক্ষমতায় পরিণত করে জনগণকে অসহায় করে রেখেছে। পাশাপাশি শাসন ক্ষমতা থেকে দায়িত্ব-কর্তব্যবোধের ধারণা বিদায় দিয়ে আওয়ামী পল্লী কিংবা বিএনপি পল্লীতে সম্পদ ভাগাভাগির বিষয়কে মুখ্য করেছে। এ কারণে সবকিছুকে দলীয়করণের তাগিদ সৃষ্টি হয়েছে।
খালেকুজ্জামান বলেন, তারা গণআন্দোলন সম্ভাবনাকে বিনষ্ট করতে ও বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানকে চাপা দিতে চাইছে। এ অবস্থায় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে শাসকগোষ্ঠীর চক্রান্তকে যেমন প্রতিহত করতে হবে তেমনি সুষ্ঠ নির্বাচনের প্রয়োজনীয় শর্ত সৃষ্টির জন্য ব্যাপক গণআন্দোলন গড়ে তুলতে হবে যাতে জনগণের ক্ষমতায়নের পথ তৈরি হয়।
