জোটের পতন ঘটিয়ে দেশ থেকে বিতাড়নের বিকল্প নেই: স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, গণতন্ত্র ধ্বংসকারী বিএনপি-জামাত জোট আর বেশিদিন ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে। তাই ওদের পতন ঘটিয়ে এদেশ থেকে বিতাড়নের কোনো বিকল্প নেই।
বঙ্গবন্ধুর ৮৬ তম জন্মদিন উপলক্ষে শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফম বাহাউদ্দিন নাসিম।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জিল¬ুর রহমান এমপি, তোফায়েল আহমেদ, আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ।
আব্দুল জলিল বলেন, জোট সরকার বাংলাদেশের পররাষ্ট্র নীতিকে বিসর্জন দিয়ে দাতা ও উন্নয়ন সহযোগী বন্ধুদের বিরুদ্ধে বিষোদগার করছে। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা বহির্বিশ্বে বাংলাদেশকে বন্ধুহীন করার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, পায়ের নিচে মাটি নেই এবং দেশের মানুষ এই অত্যাচারী-ব্যর্থ সরকারের ওপর আস্থা ফিরিয়ে নিয়েছে-এটা উপলব্ধি করে তারা এখন বেসামাল আচরণ শুরু করেছে। মিথ্যার বেসাতি করে তারা বাংলাদেশকে মিথ্যার রাজত্ব হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।
জলিল সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ আগামী ২৭ মার্চের হরতালসহ ঘোষিত আন্দোলন কর্মসূচি সফল করে জোট সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করতে দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
