কুমিল্লায় ৯ ভারতীয় আটকের ঘটনা তদন্তে লাকসাম উপজেলা বিএনপি নেতা স্বপন সাহাকে খুঁজছে পুলিশ
প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও প্যান্ডেলের কাজ করার জন্য গ্রেফতারকৃত নয় ভারতীয়কে আনার খবর জানার পর স্থানীয় পুলিশ লাকসাম উপজেলা বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন সাহাকে খুঁজছে। পুলিশ সূত্র এখবর জানায়।
মাত্র পাঁচশ টাকা বায়নায় মঞ্চের এবং বিভিন্ন সাজসজ্জার কাজ করতে সঙ্গীদের নিয়ে গৌতম ভৌমিক ও দুলাল সূত্রধর বাংলাদেশে এসেছে, এই মর্মে রিমান্ডের প্রথম দিনে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে তারা।
জেলা পুলিশ সুপার আওরঙ্গজেব মাহবুব বলেন, প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও প্যান্ডেলের কাজ করার জন্য ভারত থেকে এসেছে বলে গ্রেফতারকৃত নয়জনই স্বীকার করেছে। তারা বলেছে উপজেলা বিএনপি’র সহসভাপতি স্বপন সাহা তাদের কাজ করাতে আনে। তারা সদলবলে লাকসাম আসে এবং প্লাজা হোটেলে ওঠে। তিনি জানান, আটককৃতদের এখন বিনা পাসপোর্টে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার দেখানো হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার রোববার সকাল ১০ টার দিকে কোওয়ালী থানায় যান এবং আটককৃত ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর দুপুরে আটককৃত ব্যক্তিদের দুজন করে পুলিশ ভবনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
লাকসামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাঁকজমকপূর্ন মঞ্চ ও প্যান্ডেল তৈরি করতে ভারতের আগরতলা থেকে বিএনপির পক্ষ থেকে ৯ জন ডেকোরেটর আনা হয়। শনিবার এসএসএফ ও গোয়েন্দা সংস্থার লোকেরা এ খবর পেয়ে তাদের সবাইকে আটক করে। এই পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লাকসামে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, স্থানীয় এমপি কর্নেল আনোয়ারুল আজীম ও উপজেলা বিএনপি সহসভাপতি স্বপন সাহা গ্রেফতারকৃত নয় ভারতীয়কে নিয়ে আসেন। গত ৭ মার্চ লাকসাম আসার পর ৮ মার্চ থেকে তারা প্যান্ডেলের কাজ শুরু করে।
