২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে ১৪ দলের উপজেলা ঘেরাও: গাজীপুরে আক্তার উজ্জামানসহ ২০ জন আহত

কৃষি উপকরণের দাম কমানোর দাবি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল মঙ্গলবার সারা দেশে উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

কর্মসূচি চলাকালে গাজীপুরের কালীগঞ্জে দুপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে বিএনপি’র ক্যাডারদের হামলায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তার উজ্জামানসহ ২০ নেতা--কর্মী ও পুলিশ আহত হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানিয়েছেন, দেশব্যাপী পালিত এ কর্মসূচিতে ব্যাপক মানুষের সাড়া মিলেছে। এ কর্মসূচিতে তৃণমূল পর্যায় পর্যন্ত গণমানুষের সম্পৃক্ততা প্রমাণ করে, বিএনপি জামাত জোট জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি জোট সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

বিডিনিউজ--এর খুলনা প্রতিনিধি জানান, কর্মসূচি উপলক্ষে ১৪ দলের উদ্যোগে সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শেখ ইউনুস আলী ইনু। বক্তব্য রাখেন-- আওয়ামী লীগের বেগম মন্নুজান সুফিয়ান, মোল্লা জালাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির হাফিজুর রহমান, গণফোরামের হায়দার গাজী সালাউদ্দিন রুনু, জাসদের রফিকুল হক খোকন এবং ন্যাপের ফজলুর রহমান।

পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা ১৪ দল পুলিশী বাধার মুখে পূর্ব ঘোষিত উপজেলা প্রশাসন ঘেরাও কর্মসূচি পালন করেছে।

বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট আব্দুর রহমান, দানিউল হক দানি, জাসদের ডা. জহুরুল হক রাজা এবং ন্যাপের অ্যাডভোকেট হেদায়েত উল্লাহ্ বক্তব্য রাখেন।

জেলার রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালি, বেলকুচি, কামারখন্দ ও কাজীপুর উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।

নীলফামারি প্রতিনিধি জানান, বেলা ১২টায় আওয়ামী লীগসহ ১৪ দল মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করে।

সমাবেশে আওয়ামী লীগের অ্যাডভোকেট জোনাব আলী, পৌর চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ, অ্যাডভোকেট মমতাজুল হক, ওয়ার্কার্স পার্টির অধ্যাপক নূর মোহাম্মদ খান, ন্যাপের সাইদুর রহমান শাহ্সহ ১৪ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নওগাঁ প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগসহ ১৪ দল নওগাঁয় উপজেলা কার্যালয় ঘেরাও ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে।

কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের অ্যাডভোকেট ফজলে রাব্বি বকু, আব্দুল মালেক, নির্মল কৃষ্ণ সাহা এবং গণফোরামের বিন আলী পিন্টু বক্তব্য রাখেন।