২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ডিসেম্বর বার কাউন্সিলের বর্দ্ধিত মুলতবি সভা

আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের বর্দ্ধিত মুলতবি সভা অনুষ্ঠিত হবে। সভায় ১৭ আগস্ট দেশব্যাপী বোমা বিস্ফোরণ এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম, ঝালকাঠি ও গাজীপুরে বোমা হামলায় নিহত ও আহতের ঘটনার প্রেক্ষিতে দেশের রাজনৈতিক পরিস্থিতির অব্যাহত অবনতি নিয়ে আলোচনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বার কাউন্সিল সূত্র জানায়, সভায় বার কাউন্সিল নেতৃবৃন্দ ছাড়াও ৮২ টি বার কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।  

চলতি বছরের ১৩ মে বার কাউন্সিল প্রথম বর্দ্ধিত সভা আহ্বান করা হয়। সে সময়ে সভার আলোচ্যসূচি এবং অব্যবস্থাপনা নিয়ে আইনজীবীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় সভা মুলতবি ঘোষণা করা হয়।

পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সে সময় বিবৃতি দিয়ে নোটিশ জারি করেছিলেন যে বর্দ্ধিত সভা আহ্বান করা ভাইস চেয়ারম্যানের আওতায় পড়ে না।

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুক্রবার বিডিনিউজকে বলেন, ৯ ডিসেম্বর বর্দ্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে বর্দ্ধিত সভা আয়োজনের জন্যে বার কাউন্সিল অফিস প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, বার কাউন্সিল ভবনে বিদ্যুৎ না থাকায় এবং অসহ্য গরমের কারণে বার প্রতিনিধিদের দাবির মুখে এর আগে বর্দ্ধিত সভা মুলতবি করা হয়েছিল।

ব্যরিস্টার রোকন বলেন, সভার মূল আলোচ্য বিষয় থাকবে আদালত প্রাঙ্গনে বোমাবাজি এবং বারের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

এটর্নি জেনারেলের নোটিশ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বার কাউন্সিল গত ১৫ বছরেরও বেশি সময়  ধরে প্রতি বছর এ ধরণের বর্দ্ধিত সভার আয়োজন করছে। এটর্নি জেনারেল কখনও এ ধরনের নোটিশ জারি করেন নি।