আইনজীবীদের ডাকে বৃহষ্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল
গাজীপুর ও চট্টগ্রামের আদালতে বোমা হামলার প্রতিবাদে সম্মিলিত আইনজীবী পরিষদ বৃহষ্পতিবার সকাল -- সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। আইনজীবীদের এ হরতালে সমর্থন দিয়েছে আওয়ামী লীগসহ ১৪ দল।
এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহ পৃথকভাবে এ হরতাল আহ্বান করেছে।
মঙ্গলবার গাজীপুর ও চট্টগ্রামের আদালতে বোমা হামলায় আইনজীবী ও পুলিশসহ বেশ হযেকজন হতাহতের ঘটনা ঘটে।
এ হামলার খবরে ঢাকাসহ সারাদেশের আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করেন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি ঘটনার প্রতিবাদে কোর্ট চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সবাইকে এক হওয়ার আহ্বান জানান। সমাবেশে আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বোমা হামলকারীরা সরকারের মধ্যেই লুকিয়ে আছে। তাদের খুঁেজ বের করুন।
এরআগে আইনজীবী নেতারা বিশিষ্ট আইনবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রধান বিচারপতির কাছে যান এবং সরকারকে সমন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং আইজিপি কি কি পদক্ষেপ নিয়েছেন, তার ব্যাখ্যা দাবি করেন।
এদিকে বিডিনিউজের প্রতিনিধিরা জানান, চট্টগ্রাম ও গাজীপুরে বোমা হামলার প্রতিবাদে গাজীপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, লক্ষিপুর, চুয়াডাঙ্গা, নীলফামারি, বাগেরহাট, যশোর, মানিকগঞ্জ, নরসিংদি, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
