সংসদ: আওয়ামী লীগের এমপিরা কে কতদিন অনুপস্থিত
জাতীয় সংসদ অধিবেশনে আর মাত্র ১৮ কার্যদিবস অনুপস্থিত থাকলে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সদস্যপদ শূন্য হবে। তিনি একাধারে ৭২ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন।
সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদ অনুযায়ী একাধারে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে জাতীয় সংসদের সদস্য পদ হারানোর বিধান রয়েছে।
আওয়ামী লীগ দলীয় সদস্যরা জাতীয় সংসদের ১৫তম অধিবেশন থেকে সংসদে যোগদানে বিরত রয়েছেন। রোববার থেকে শুরু হচ্ছে ১৯তম অধিবেশন।
সংসদে অনুপস্থিতিজনিত সদস্য পদ হারানোর উপক্রম হওয়ায় ১৮তম অধিবেশনে যোগ দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে সদস্য পদ রক্ষা করেন ময়মনসিংহ-১০ আসনের সদস্য আলতাফ হোসেন গোলন্দাজ। এর আগে ১৭তম অধিবেশনে যোগ দিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন হবিগঞ্জ-২ আসনের সদস্য নজমুল হাসান জাহেদ।
সাবেক অর্থমন্ত্রী এসএএমএস কিবরিয়া গ্রেনেড হামলায় নিহত হওয়ায় পর সংসদের অধিবেশন মুলতবি করে আলোচনার দাবি জানিয়েছিল আওয়ামী লীগ। বর্ষশুরুর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সাংবিধানিক বিধান লঙ্ঘন হবে জানিয়ে সরকারি দল এ দাবি নাকচ করে দেয়। এর প্রতিবাদে সংসদ অধিবেশন বয়কট করছে আওয়ামী লীগ।
ইতোমধ্যে বেশ কিছু সদস্যের অনুপস্থিতির মেয়াদ বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।
বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট সংসদে যাওয়ার পরিবেশ নেই জানিয়ে বিডিনিউজ’কে বলেছেন, রোববার শুরু হওয়া অধিবেশনে তারা যোগ দিচ্ছেন না। সদস্যপদ রক্ষার বিষয়টি কৌশলে মোকাবেলা করা হবে।
আওয়ামী লীগের সদস্যদের মধ্যে অনুপস্থিতির তালিকায় শেখ হাসিনার পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। তিনি অনুপস্থিত রয়েছেন ৬৯ কার্যদিবস। এর পরের অবস্থানে রয়েছেন গাজীপুর-৪ আসনের তানজিম আহমেদ (সোহেল তাজ)। তিনি অনুপস্থিত রয়েছেন ৬৬ দিন।
এছাড়া জামালপুর-৩ আসনের মির্জা আজম ৬৫, নওগাঁ-৫ আসনের আব্দুল জলিল ৬৪, জামালপুর-৫ আসনের রেজাউল করিম হীরা ৬৪, মাদারীপুর-৩ আসনের আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন ৬৪, নোয়াখালী-৬ আসনের মোহাম্মদ আলী ৬৪, কিশোরগঞ্জ-৩ আসনের সৈয়দ আশরাফুল ইসলাম ৬২, ফরিদপুর-৫ আসনের কাজী জাফরুল্লাহ ৬১, চট্টগ্রাম-৪ আসনের আলহাজ্ব রফিকুল আনোয়ার ৬০ এবং হবিগঞ্জ-১ আসনের দেওয়ান ফরিদ গাজী ৬০ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন।
৫৯ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ-৭ আসনের জিল্লুর রহমান, সুনামগঞ্জ-২ আসনের সুরঞ্জিত সেনগুপ্ত, টাঙ্গাইল-৭ আসনের একাব্বর হোসেন, পটুয়াখালী-৪ আসনের আলহাজ্ব মাহাবুবুর রহমান।
এছাড়া ৫৮ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন মাদারীপুর-১ আসনের শাহজাহান খান, মাদারীপুর-২ আসনের নূরে আলম চৌধুরী লিটন, ময়মনসিংহ-২ আসনের মজিবুর রহমান ফকির, ময়মনসিংহ-৭ আসনের আব্দুল মতিন সরকার এবং মাগুরা-১ আসনের প্রফেসর এমএস আকবর।
আওয়ামী লীগের অবশিষ্ট ৩২ জন সংসদ সদস্য একাধারে ৫৭ কার্যদিবস অনুপস্থিত রয়েছেন।
অষ্টম জাতীয় সংসদের ১৮টি অধিবেশনের ২৯৭ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ দলীয় সদস্যরা ২১১ দিনই অনুপস্থিত ছিলেন।
