অপহরণ মামলায় জলিলের আগাম জামিন
অপহরণ ও জমি দখলের মামলায় হাইকোর্ট মঙ্গলবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন।
আব্দুল জলিলের আবেদনের শুনানির পর বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মোহাম্মদ আবুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ কেন আবেদনকারিকে নিয়মমিত জামিন দেয়া হবে না এই মর্মে সরকারকে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন।
মঙ্গলবার আব্দুল জলিল আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন জানান।
এর আগে নভেম্বরের আট তারিখে হাইকোর্টের একটি অবকাশ কালীন বেঞ্চ জলিলকে ঈদের ছুটির পর পর আদালত খোলা পর্যন্ত আগাম জামিন মঞ্জুর করেন।
সিডব্লিউএন(সি), ৩, ১০৫ গুলশান এভিনিউয়ের মুসতারি বেগম নভেম্বরের দুই তারিখে গুলশান থানায় আব্দুল জলিলের বিরুদ্ধে একটি অপাহরণ মামলা দায়ের করেন।
মামলায় মুসতারি বেগম অভিযোগ করেন, নভেম্বরের দুই তারিখে আব্দুল জলিল ১০/১২ জন অজ্ঞাত লোক নিয়ে তার বাসায় যান। এ সময়ে তিনি (জলিল) জানান, ওই প্লটটি তার কেনা এবং ওইদিন তার হাতে পজেশন হস্তান্তর করা হবে।
এরআগে, মাইক্রোবাসে করে একদল সন্ত্রাসী মুসতারি বেগমের বাসায় গিয়ে তার স্বামী ও ছেলেকে অপহরণ করে। তারা ওই জমি ছেড়ে দেয়া না হলে তাদের মেরে ফেলারও হুমকি দেয়। অপহরণের কয়েক ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটায় উত্তরার সাত নং সেক্টরে তাদের মুক্তি দেয়া হয়।
আব্দুল জলিলের পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল বাসেত মজুমদার আদালতে জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যে তার মক্কেলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। মামলায় এডভোকেট জাহাঙ্গীর হোসেন সেলিম এডভোকেট আবউদল বাসেতকে সহায়তা করছেন।
