২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর তরুণ রাজনীতিবিদ ও লেখক সালেহউদ্দিন বেবী আর নেই

রাজশাহীর বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক সালেহউদ্দিন বেবী বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

তরুণ ও মেধাবী এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করে বলেছেন, বেবীর মৃত্যু যে শূণ্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবে না।

বিএনপির রাজশাহী মহানগর শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সালেহউদ্দিন বেবী সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক।

শুক্রবার দুপুর ২টায় সাহেববাজার বড় রাস্তা এবং বিকেল ৪ টায় মহিষবাতান গোরস্তান এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় রাজশাহীর শীর্ষস্থানীয় রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শেষশ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৮ সালে ছাত্রদলের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে সালেহউদ্দিন বেবী তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। ১৯৮৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিভিন্ন সময়ে তিনি রাষ্টবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক, ছাত্রদলের জেলা কমিটির সভাপতি, যুবদলের জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ২০০৪ সালে তিনি বিএনপি’র রাজশাহী মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হন।

বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বেবী। ১৯৭৮ সালে টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় তিনি শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন। তার লেখা গ্রন্থের মধ্যে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‘খন্ডিত ইতিহাস ও সময়ের সংলাপ’, ‘দর্পনে দুঃশাসন’, ‘কমল থেকে শহীদ জিয়া’ ইত্যাদি। তার লেখা কাব্যগ্রন্থ ‘এই চোঁখ খোঁজে তোমাকে’ প্রকাশনা উৎসবের অপেক্ষায় আছে। এছাড়া তার লেখা নাটকের মধ্যে ‘একজন সেকেন্দার আলী’, ‘স্বাধীনতা কথা কয়’, ‘ফাগুনের সংলাপ’, ‘ওরা আসে বার বার’ অন্যতম।

সালেহউদ্দিন বেবীর মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার এম আমিনুল হক, সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, অ্যাভোকেট নাদিম মোস্তফা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ওয়ার্কার্স পার্টির পলিটব্যুারোর সদস্য ফজলে হোসেন বাদশা বেবীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তাকে কেন্দ্র করে রাজশাহীর মানুষের অনেক স্বপ্ন ছিল। সে স্বপ্ন আজ ধূলোয় মিলিয়ে গেল। জাসদ, বাসদ ও সিপিবির নেতারা শোক প্রকাশ করে বলেছেন, রাজশাহীবাসী একজন তরুণ সম্ভাবনাময় তরুণ নেতাকে অকালে হারালো।