২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় ছবি ও স্বচ্ছ ব্যালট বাক্স চাই: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট আগামী নির্বাচনে কালো টাকা ও পেশী শক্তি দিয়ে ভোট ডাকাতির নীল নক্সা তৈরী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তিনি আবারো ‘ছবি সংবলিত ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্সের দাবি’ করে বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি বাস্তবায়ন করতে হবে। ভোটাধিকার তথা মানুষের সাংবিধানিক অধিকার যেনো আর কেউ কেড়ে নিতে না পারে সে জন্য দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে।

আসন্ন ঈদকে সামনে রেখে দুস্থ শিশু ও নারীদের মাঝে বস্ত্র বিতরণ উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এক হাজার শিশু ও নারীকে শাড়ি, গেঞ্জি ও জামাসহ বিভিন্ন বস্ত্র দেওয়া হয়।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্রব্যমূল্য বৃদ্ধি এবং উত্তরবঙ্গের মঙ্গার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এমন সংকটের মধ্য দিয়ে দেশ চলছে যে মানুষকে না খেয়েও রোজা রাখতে হচ্ছে। মানুষ না খেয়ে ধুঁকে ধুঁকে মারা যাচ্ছে। ক্ষুধার জ্বালায় সন্তানকে বিষ খাইয়ে মা আত্নহত্যা করছে।

তিনি বলেন, অথচ সরকারের সেদিকে কোনো খেয়াল নেই। প্রধানমন্ত্রী এসব কিছু না দেখার ভান করছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মানুষের কষ্টের কথা স্বীকার করছেন না। তারা দুর্নীতি করে পয়সা কামিয়ে বিলাস-ব্যসনে গা ভাসাতেই ব্যস্ত।

বিরোধী দলীয় নেতা প্রশ্ন রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী যদি স্বয়ং ‘খাই খাই’ করেন, তাহলে সাধারণ মানুষের কী হবে? এই ‘খাই খাই পার্টির’ খপ্পড়ে পড়ে গোটা দেশটাই আজ শেষ।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার এবং জোটের মন্ত্রী-এমপি-নেতারা সিণ্ডিকেট করে পিঁয়াজ, মরিচসহ সব জিনিসের দাম বাড়িয়ে মুনাফা লুটছে। আর মানুষ হাহাকার করে মরছে। সরকারের দুর্নীতি ও লুটপাট বিদ্যুতসহ প্রতিটি সেক্টরকে সংকটে ফেলেছে। জোট সরকার প্রতিটি ক্ষেত্রেই দেশ চালাতে ব্যর্থ।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে তিনি আরো বলেন, গোষ্ঠিশুদ্ধ লুটেপুটে খেয়ে ক্রয়ক্ষমতা বেড়েছে তাদের। কিন্তু সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি। প্রতিটি ঘরে ঘরে আজ হাহাকার চলছে।

আসন্ন সার্ক সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগ প্রধান বলেন, জিয়াউর রহমানকে নাকি সার্ক স্বর্ণপদক দেওয়া হবে। আর তার পুত্র তা গ্রহণ করবে। তিনি প্রশ্ন রেখে বলেন, কিসের জন্য তাকে স্বর্ণপদক দেওয়া হচ্ছে? মানুষ হত্যা আর অস্ত্রের মুখে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য? মা-ছেলে মিলে তারা ভালই তামাশা শুরু করেছে!