২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি গরিব মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে দেয় না: নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত

ঢাকাস্থ ইউরোপিয়ান কমিশন ডেলিগেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রোইন মঙ্গলবার বলেছেন, দুর্নীতি গরিব মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হতে দেয় না এবং বাংলাদেশের মতো দরিদ্র দেশের উন্নয়নের জন্য তা মারাত্মক ক্ষতিকর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রদূত তার প্রথম সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতির মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ উন্নয়নের গতিকে ব্যাহত করে দেয়। দুর্নীতির কারণে গরিবরা দারিদ্র্যের ভেতর থেকে বেরিয়ে আসতে পারে না। সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে অবশ্যই এ বিষয়টির ওপর দৃষ্টি দিতে হবে।

টুয়েসডে গ্রুপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি ইনফরমাল প্ল্যাটফর্ম। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশই এ গ্রুপের সদস্য।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে টুয়েসডে গ্রুপকে কোনও সম্মেলন আয়োজন করতে না দিলে অন্য উপায়ে বাংলাদেশ সরকারকে তাদের সহায়তা করতে হবে।

দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে সেটির প্রভাব বিচার করা তার পক্ষে কঠিন।

জার্মান বংশোদ্ভূত রাষ্ট্রদূত এর আগে গায়না কোনাক্রি, ঘানা এবং টগোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টিআইবি প্রতিবেদনে পঞ্চমবারের মতো বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষে অবস্থান নেওয়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, একটি দেশের জন্য এটা ভালো কোনও ব্যাপার নয়। বাংলাদেশ চাইলে এ ব্যাপারে আমরা তাদের সহায়তা করতে পারি।

বাংলাদেশে আসার আগে বাংলাদেশ সম্পর্কে তার ধারণা কী ছিল সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও প্রায়ই সংবাদপত্রের শিরোনামে বাংলাদেশ সম্পর্কে খারাপ খবর থাকে। কিন্তু আমাদের আভ্যন্তরীণ রাষ্ট্রীয় দলিলপত্রে দেখেছি, আপনারা আন্তরিক ও বন্ধুত্বপরায়ন। বাংলাদেশের মানুষ প্রাকৃতিকভাবেই কৌতুহলী এবং মৌলিক প্রতিভার অধিকারী তা জেনেই আমি এখানে আসতে আগ্রহী হই।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে ইইউয়ের চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে ইইউয়ের প্রকল্প এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। গত দশকে ইউরোপীয় কমিশনের মাধ্যমে বাংলাদেশে এক দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার এসেছে বলে তিনি জানান।