২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট দুঃশাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি-জামাত জোট দুঃশাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে রোববার মুন্সিগঞ্জের শ্রীনগরে এক পথ সভায় বক্তৃতাকালে তিনি উৎকন্ঠা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত লাখ লাখ মানুষ অনাহারে অর্ধাহারে, কচু ঘেচু খেয়ে কোনও রকমে বেঁচে আছে। অনাহারী অসহায় মানুষগুলো দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এসকল অনাহারী মানুষের প্রতি সরকারের কোনও দায় দায়িত্বই নেই।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামাত জোট যতো বেশিদিন ক্ষমতায় থাকবে, মানুষের দুর্ভোগ ততোই বাড়বে। দেশ পরিচালনায় ব্যর্থ, দুর্নীতিবাজ ও লুটেরা জোটের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই।

তিনি বলেন, চাল ডাল তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। লাখ লাখ যুবক আজ কর্মহীন। মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে কয়েকগুণ। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ আজ দিশেহারা। পবিত্র রমজান মাসেও প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। অথচ নির্বিকার সরকার দাম কমাতে কোনও ব্যবস্থা নিচ্ছে না।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার আমলে দেশে সুশাসন ছিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি। পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য ছিল নিয়ন্ত্রণে। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার দুর্নীতি করে নিজেদের সম্পদের পাহাড় গড়তেই ব্যস্ত। ওদের লক্ষ্য শুধু মানুষের অর্থ সম্পদ লুট করে বিদেশে পাচার করা। জনগণের দিকে তাকানোর সময় ওদের নেই।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকারের দুঃশাসনে মানুষ আজ নিরাপত্তাহীন। প্রতিটি মানুষ আতংকিত। দলীয় প্রয়োজনে হত্যা খুন সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৭০ হাজার সন্ত্রাসীকে জেল থেকে ছেড়ে দিয়েছে। ফলে হত্যা, সন্ত্রাস, রাহাজানি, চুরি ডাকাতি আজ ভয়াবহ রূপ ধারণ করেছে। সারা দেশ আজ জোটের আশ্রয়পুষ্ট সন্ত্রাসী ও জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

সুকুমার রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী ও শ্রীনগর উপজেলা সম্পাদক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।