দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট ও অন্তর্ন্দ্বন্দ্ব নিয়ে বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের অসন্তোষ
ক্ষমতাসীন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ নিত্য প্রয়োজনীয় জিসিপত্রের মূল্যবৃদ্ধি এবং নির্বিঘ্ন বিদ্যুৎ সংকটের কারণে রোববার আরও এক দফা সরকারের সমালোচনায় মেতে ওঠেন।
একই সাথে তারা নতুন করে দলীয় অভ্যন্তরীণ কোন্দলকেও আগামী নির্বাচনে বিএনপি’র জয়লাভের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন।
তারা এ সমস্ত সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে দলীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
অন্যথায় ২০০৭ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে বিএনপিকে মূল্য দিতে হতে পারে বলে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ভবনে ক্ষমতাসীন বিএনপি আয়োজিত ‘নির্বাচনপূর্ব আলোচনা ও ইফতার’ শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে তারা এ মনোভাব ব্যক্ত করেন।
সম্মেলনে গোসাইহাট (শরিয়তপুর) থানা বিএনপি’র আহ্বায়ক এএইচ কামাল উদ্দিন বলেন, গত চার বছরে বিএনপি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে। কিন্তু এখন আত্মসমালোচনা করার সময় এসেছে।
সংগঠনকে তৃণমূল পর্যায়ে চাঙ্গা করতে ব্যর্থ হওয়ায় স্থানীয় পর্যায়ের নেতৃত্বকে দায়ী করে তিনি বলেন, শরিয়তপুরে একজনকে মনোনয়ন দিলে সবাই বিরোধিতা করে। সেজন্যে আমরা আসন হারাই। গত চার বছরে শরিয়তপুরে বিএনপি’র একটি বৈঠকও অনুষ্ঠিত হয়নি। ধস নেমেছে দলীয় রাজনীতিতে। স্থানীয় নেতারা ঘরে বসে রাজনীতি করেন বলে তিনি অভিযোগ করেন।
মেহেরপুরের গাংনী থানার রেজাউল হকও দলের অভ্যন্তরীণ কোন্দলের সমালোচনা করে বলেন, এ অবস্থা চলতে থাকলে নির্বাচনে তার বিরূপ প্রভাব পড়তে বাধ্য।
অপর বিএনপি নেতা আব্দুল খালেক মণ্ডল নতুন ভোটার তালিকা প্রস্তুতকে অবাধ ও সুষ্ঠু নির্বাচণের পূর্বশর্ত হিসেবে অবহিত করেন। তবে তিনি স্বীকার করেন সরকারের কিছু প্রশাসনিক দুর্বলতা রয়েছে। তিনি সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ভোলার বোরহান উদ্দিন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এসএম গজনবী বলেন, আমাদের অনেকের মধ্যেই রয়েছে বেশি পাওয়ায় উচ্ছ্বাস এবং না পাওয়ায় ক্ষোভ। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় না আসলে অনেক মন্ত্রীই হয়ত বিদেশ পাড়ি জমাবেন। কিন্তু আমরা তা করতে দেবো না। দলের শীর্ষ নেতাদের উদ্দেশে তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মিথ্যা না। আমাদের কথা বলার সময় আপনারা থামাতে পারবেন, কিন্তু জনগণকে থামানো যাবে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোলায় চার বছরে কেন কোনও বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা হয়নি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্নীতির জন্যে কেন ফাইল ফেরত আসে, এসবের সুরাহা হওয়া দরকার।
যশোরের দেলোয়ার হোসেন তৃণমূল কর্মী এবং নেতৃবৃন্দের মধ্যে দূরত্ব কমানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, সাংগঠনিক অর্ন্তকোন্দল দূর করতে হবে এবং সিনিয়রদেরও মাঠে নামতে হবে।
মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবর রহমান বলেন, নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এটি দূর করতে হবে। গত চার বছরে বিএনপির সাফল্য অনেক, কিন্তু দু’একটি ব্যর্থতাই এই সফলতাকে ম্লান করে দিয়েছে। তিনি পল্লী রেশনিং ব্যবস্থা ও প্রতি বাজারে টিসিবি চালু এবং সারসংকট সমাধানে পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
নেত্রকোনার কলমাকান্দা থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, আমরা জনগণকে দেওয়া অনেক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছি। এজন্যে আমাদের জবাবদিহি করতে হবে।
অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা অস্বীকার করে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বলেন, কিছু আমদানিনির্ভর জিনিসের দাম বেড়েছে মাত্র। যে সমস্ত জিনিস আমাদের দেশে উৎপাদন করা হয়, তার দাম কম। বিদেশ থেকে আমদানি করা জিনিসের দাম স্বভাবতই কিছু বেশি হওয়ার কথা।
তিনি বলেন, শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বললেই হবে না। মানুষের আয় বৃদ্ধির কথাও বলতে হবে। আমরা পে কমিশন দিয়ে সরকারি কর্মচারিদের বেতন বাড়িয়েছি। আমাদের অর্জন যথেষ্ট। বিরোধী দলের বক্তব্যের সঙ্গে কথার মিল নেই।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি একটি সাময়িক ব্যাপারমাত্র। আগামী তিনমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য তানভির আহমেদ সিদ্দিকী দলীয় অন্তর্কোন্দলের কথা স্বীকার করে বলেন, এখন কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। অনেক মন্ত্রীরই ন্যূনতম সৌজন্যবোধ নেই বলে তিনি উল্লেখ করেন। কিন্তু দলীয় কর্মীদের মূল্যায়ন না হলে দলের উন্নয়ন হবে না।
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমান আগামী নির্বাচনে জেতার জন্যে ইস্পাত কঠিন ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, আসুন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলি। আগামী নির্বাচনে আমরা জিতবোই ইনশাল্লাহ।
সম্মেলনের শেষ দিন ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের থানা, পৌরসভা ও জেলা পর্যায়ের প্রায় ১,৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিল বলে দলীয় সূত্র জানায়।
