ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হলে বাংলার মানুষ বরদাশত করবে না, সংস্কারের দাবি মানতে হবে: শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের প্রস্তাব মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে বলেছেন, মানুষের ভোটের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হলে বাংলার মানুষ তা বরদাশত করবে না।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।
সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশ পরিচালনায় ব্যর্থ দুর্নীতিবাজ সন্ত্রাসী সরকারের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে।
শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। উত্তরবঙ্গে বন্যা, মঙ্গা ও দুর্ভিক্ষ চলছে। অথচ পরিস্থিতি ভয়াবহ অসহায় মানুষকে বাঁচাতে সরকারের কোনও উদ্যোগ নেই। নেই কোনও ত্রাণ সাহায্য।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমরা ১০ টাকা দরে চাল খাইয়েছিলাম। আর জোট সরকার নির্বাচনকে সামনে রেখে খয়রাতির চাল চার টাকায় বিক্রি করে রাজনৈতিক চমক সৃষ্টি করতে চায়। সেখানেও চলছে লুটপাট, জালিয়াতি।
তিনি বলেন, জোট সরকার মানুষকে শোষণ ও গোটা দেশজুড়ে লুটপাট করে অর্থ সম্পদ বানিয়ে বিদেশে পাঠাতে ব্যস্ত। মানুষের দিকে ফিরে তাকানোর সময় নেই ওদের।
শেখ হাসিনা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে পবিত্র রমজানেও মানুষ না খেয়ে মরছে। প্রধানমন্ত্রীর পরিবার আর সরকারের মন্ত্রী এমপিরা সিন্ডিকেট করে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে ব্যবসা করছে। ওদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ।
আওয়ামী লীগ সভানেত্রী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আগামীতে ক্ষমতায় আসতে পারলে দাবি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
শিক্ষক সমাজের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি কথা দিচ্ছি, আল্লাহ্ দিন দিলে আর পেটে ক্ষুধা নিয়ে বাচ্চাদের পড়াতে হবে না।
এছাড়া ক্ষমতায় এলে স্নাতক পর্যন্ত সবার জন্যে অবৈতনিক শিক্ষার ঘোষণা দেন শেখ হাসিনা।
শিক্ষকদের এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মোহাম্মদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীর, ওবায়দুল কাদের, নুরুল ইসলাম নাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী এবং শিক্ষক সমিতি নেতা মনসুর আহমেদ।
