এ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল
নিরপেক্ষ সরকার ছাড়া বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপ শুরুর পর দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন বিএনপি মহাসচিব।
নিরপেক্ষ সরকারের বিষয়ে আওয়ামী লীগ ‘আলোচনার সুযোগ’ রাখেনি দাবি করে তিনি বলেন, “তারা তো সরকারে। ড্রাইভিং সিটে স্টিয়ারিং তাদের হাতে। পুরোটাই তাকেই (প্রধানমন্ত্রী) করতে হবে। দেশে যখন এই বিষয়ে একটা রাজনৈতিক বড় সংকট আছে। রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই বলছে যে, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই না, আমরা একটা নিরপেক্ষ সরকার চাই।”
মিছিল-মিটিং এমনকি মিলাদ করতে গেলেও পুলিশ বাঁধা দিচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, “গতকালও (শুক্রবার) মুন্সিগঞ্জে আমাদের একটা দোয়া মাহফিল করতে দেয়নি পুলিশ। এই সমস্ত ভণ্ডামির মানে হয় না। এটা তো হিপোক্রেসি।”
নড়াইলে সম্প্রতি সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার বিষয়ে তিনি বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, সাম্প্রদায়িকতা কোনোমতেই এদেশে কাম্য না এবং এগুলো কখনোই কোনো ভালো বিষয় নিয়ে আসে না এবং এটা অন্যায়।”
তার অভিযোগ, “আমরা মনে করি যে, এটি সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা। দেশে এই যে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করছে, এটা সম্পূর্ণ...এই সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে।”
দেশ দুর্নীতিতে ভরে গেছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগের চরিত্রগত একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে দুর্নীতি। তারা যখনই ক্ষমতায় আসে, তখন চরম দুর্নীতিতে লিপ্ত হয়ে যায়। আজকে গোটা দেশের চিত্র যেটা দেখছেন, শুধুমাত্র দুর্নীতি। দুর্নীতি এমন একটা জায়গায় চলে গেছে, যে জায়গায়টায় ‘নো রিটার্ন’ হয়ে গেছে।”
দেশে রিজার্ভের বর্তমান মজুদ অবস্থা, বিদ্যুতের অবস্থা এবং স্বাস্থ্য ও শিক্ষাখাত নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ে যে মানের শিক্ষা এখন হচ্ছে। কলেজগুলোতে শিক্ষকদের মারছে, প্রিন্সিপালকে ধরে এমপি মারে। আজকে দেখলাম এক উপজেলা চেয়ারম্যানকে এমপি নিজে মারছে। এই তো অবস্থা।
“দেশে সম্পূর্ণ দুঃশাসন, নৈরাজ্য শুরু হয়ে গেছে এখন। এটাকে বলে ব্যর্থ রাষ্ট্র তৈরি হওয়া, এই ব্যর্থ রাষ্ট্র তৈরি হচ্ছে।”
ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ইউরোপীয় ইউনিয়নের দূত চার্লস হোয়াইটলি সম্প্রতি বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে ফখরুল বলেন, “ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে, আধুনিক বিশ্বের এটা হচ্ছে একটা নিয়মিত রুটিন ব্যাপার, সৌজন্যবোধ। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলি, নট দ্যাট বিএনপির সঙ্গে বলি। আমরা সব দলের সঙ্গে কথা বলি।”
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে ফখরুলের সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
