যুবদল নেতা বদিউজ্জামান অভ্যন্তরীণ কোন্দলে খুন হননি: মির্জা আব্বাস
যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনীকে কুপিয়ে হত্যার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি বলেন, “আজকে বদিউজ্জামান ধনির খুনকে সরকার বিএনপির উপর চালান করতে চাচ্ছে। তারা বলছে, এটা অভ্যন্তরীণ কোন্দল।”
“আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়। এই হত্যাকাণ্ডটা আওয়ামী লীগ ঘটিয়েছে এবং একের পর এক হত্যা করে বিএনপি কর্মীদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে।”
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বদিউজ্জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।
এ হত্যার ‘সঠিক বিচার’ দাবি করে আব্বাস বলেন, “বিএনপির কর্মীরা কখনও ভয় পায় না। আমরা বদিউজ্জামান ধনি হত্যার সঠিক বিচার আশা করছি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, বিএনপি এর বিচার করবে। আমাদের ভয়ের কোনো কারণ নেই।”
মঙ্গলবার যশোর শহরের নাজির শংকরপুর চোপদারপাড়ায় নিজের বাড়ির সামনে যুবদল নেতা বদিউজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মনিরুজ্জামান মণি কোতোয়ালি থানায় যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়াসহ (৪৮) আটজনের নামে মামলা করেন।
ঘটনার তদন্তে নেমে এজাহারভূক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার জানান, বদি খুন হয়েছেন আরেক ‘বিএনপি নেতার’ নির্দেশে।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসপি বলেন, “একই এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শামীম আহম্মেদ মানুয়ার সঙ্গে বদিউজ্জামান ধনীর বিরোধ ছিল। এ ছাড়া মানুয়ার জামাতা ইয়াসিন আরাফাতকে হত্যা ও এলাকায় আধিপত্য বিস্তারও ছিল পরিকল্পিত এ হত্যাকাণ্ডের কারণ।”
তিনি বলেন, “বহু খুন, হত্যা দেখেছি, আর আমরা তা দেখতে চাই না। এবার প্রতিরোধ হবে, এবার প্রতিবাদ হবে। সরকারকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা এখন প্রস্তুতি নিন এই সরকারের পতন ঘটাতে হবে।”
সমাবেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে তিনি বলেন, “আপনারা (সরকার) বলে এতো উন্নয়ন করেছেন, দেশের মানুষ খুশি হয়ে ভোট দেবে, ছেড়ে দেন না। আমরা তো একটাই চেয়েছি, বেশি কিছু চাইনি।
“আমরা বলেছি, নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার। এরকম একটা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব। ওই সময় পার্লামেন্ট ভেঙে দিতে হবে, প্রধানমন্ত্রী থাকবেন না, নিরপেক্ষ সরকার আসবে, তাদের অধিনে নির্বাচনে যাব।”
আব্বাস বলেন, “তারপরে আপনি যত খুন, যত জখম করেছেন আমার কোনো আপত্তি নাই; তারপরেও যদি মানুষ আপনাদেরকে ভোট দেয়, ইনশাল্লাহ আমরাও আপনাদের মেনে নেব।
“কিন্তু যদি কারচুপি করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়...। ইভিএম চিনি না আমরা, ইভিএম বুঝি না আমরা, দরকার নাই এটি। বিএনপি আপনাদের অধীনে নির্বাচনে যাবে না-এটাই সঠিক।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব, যুবদলের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি কামারুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, মহানগর উত্তর যু্বদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেল ও দক্ষিণের খন্দকার এনামুল হক এনামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও খবর
