২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবদল নেতা খুনে আরেক ‘বিএনপি নেতা’: এসপি

যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনীর হত্যা আরেক ‘বিএনপি নেতার’ নির্দেশে হয় বলে জেলা পুলিশ সুপার বলেছেন।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 07:21 PM

Updated : 25 Oct 2022, 10:57 AM

এ খুনের মামলায় তিন জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার নিজ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এ কথা বলেন।

যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনী গত মঙ্গলবার শহরের নাজির শংকরপুর চোপদারপাড়ায় নিজের বাড়ির সামনে খুন হন।

এ ঘটনায় বুধবার নিহতের ভাই মনিরুজ্জামান মণি কোতোয়ালি থানায় আটজনের নামে মামলা করেন।

আসামিরা হলেন শহরের আশ্রম রোডের আবদুল আলীমের ছেলে আকাশ (২৫), মো. ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়ার প্রয়াত আবদুর রশিদের ছেলে ও যশোর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ মানুয়া (৪৮), মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনির বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের লাভলুর ছেলে রিজভী (২৬)।

এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন রায়হান, ইছা মীর ও আল আমিন। 

পুলিশ জানায়, রায়হানকে বুধবার রাতে খুলনার দিঘলিয়ার বারাকপুর গ্রাম ও ইছা মীরকে যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন আল আমিন; বৃহস্পতিবার সকালে তাকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

পুলিশ হত্যায় ব্যবহৃত দুটি দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বার্মিজ চাকু জব্দ করে বলে এসপি প্রলয় কুমার জানান।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসপি বলেন, একই এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শামীম আহম্মেদ মানুয়ার সঙ্গে বদিউজ্জামান ধনীর বিরোধ ছিল। এ ছাড়া মানুয়ার জামাতা ইয়াসিন আরাফাতকে হত্যা ও এলাকায় আধিপত্য বিস্তারও ছিল পরিকল্পিত এ হত্যাকাণ্ডের কারণ।

নিহত ধনীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, সন্ত্রাসবিরোধী আইনে মামলা, বিস্ফোরক মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন বলেও এসপি জানান।

এ ছাড়া গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি মাদক মামলা, দুটি চাঁদাবাজি মামলাসহ চারটি মামলা বিচারাধীন বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।