ভাল লাগে না? লাগবে, সময় আসতেছে: চুন্নু
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া হবে কি না, সে বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বৃহস্পতিবার জাতীয় সংসদে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এমন কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, “গতকাল আওয়ামী লীগের একজন সদস্য বিএনপি সম্পর্কে বলছেন, স্বৈরাচার, খুনি, ইত্যাদি বলতে গিয়ে এরশাদের নামও বলছেন।”
২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট-সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টির মহাসচিব বলেন, “যার লাগে করি সেই যদি বলে চোর, তাহলে কোথায় যাই?
“আওয়ামী লীগের সাথে এত খাতির করলাম, তিনবার চারবার জোট করলাম, নির্বাচন করলাম, ক্ষমতায় আসলাম, আনলাম আর সে আওয়ামী লীগের ভাইয়েরা যদি ওই জিয়াউর রহমানকে বিএনপিকে গালি দিতে গিয়ে জাতীয় পার্টি এরশাদকে গালি দেন, তাহলে যাই কোথায়?”
আগামী নির্বাচনের ইঙ্গিত দিয়ে এসময় মুজিবুল হক চুন্নু বলেন, “তাহলে তো নতুন করে চিন্তাভাবনা করতে হবে, যে আমরা কী করব? আমরা কোথায় যাব? কী, ভাল লাগে না? লাগবে, সময় আসতেছে।”
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ভিড়লেও নানা বিষয়ে বরাবরই অসন্তোষ ছিল জাতীয় পার্টির। তারপরও বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে আসন সমঝোতা করেই অংশ নিয়েছিল দলটি।
পরে সরকারে অংশ নেওয়ার পাশাপাশি সংসদে প্রধান বিরোধী দলের আসনও নিয়েছিল। দলের ভেতরে ও বাইরে এ নিয়ে সমালোচনায় ছিল জাতীয় পার্টি।
একাদশ সংসদ নির্বাচনের আগে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছিলেন দলের প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ। কিন্তু বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার পর আসন সংখ্যা নিয়ে অসন্তোষ থাকলেও মহাজোটেই থেকে যায় তারা।
সংসদে ২৬ জন সদস্য নিয়ে বিরোধী দলের আসনে রয়েছে জাপা। তবে বর্তমান সংসদে বিএনপির সংসদ সদস্যরা তাদের বিরোধী দল হিসেবে মেনে নিতে নারাজ।
