আইজিপি-কমিশনারকে আওয়ামী লীগে নেন, প্রধানমন্ত্রীকে হারুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে আওয়ামী লীগে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ।
সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ অনুরোধ করেন হারুন।
তিনি বলেন, “এখানে প্রধানমন্ত্রী রয়েছেন। আরও যে বিষয়টি উদ্বেগের সেটা হল, পুলিশের আইজিপি ও কমিশনার যে ভাষায় কথা বলছেন। পোশাক খুলে দিয়ে রাজনীতিতে নেন না কেন?
“তাদেরকে আওয়ামী লীগে যোগ দেওয়ায় দেন। তারপর যা ইচ্ছে, তাই বলুক। পুলিশের আইজিপি ও কমিশনার ওই পোশাক পরে যে ভাষায় কথা বলেছে, এটা বলতে পারে না।”
গত শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘মিথ্যার বেসাতি’ হিসেবে মন্তব্য করেন ডিএমপি কমিশনার শফিকুল।
একই অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে আইজিপি বেনজীর বলেন, “তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন।”
সংসদে হারুন বলেন, “অপরাধীদের স্থান পুলিশে হবে না। পুলিশে অপরাধের সংজ্ঞা কী? উনি নিজে যে অপরাধ করছেন। বোট ক্লাবের সভাপতি এখনও রয়েছেন। এটি কোন সংবিধান বলে আছে।
“এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী জাতিকে জানান নাই। অপরাধ যদি শীর্ষ জায়গা থেকে হয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে আপনি পুলিশ সদস্যদের কী অপরাধে ব্যবস্থা নিবেন। শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন। তারাই সবচেয়ে বেশি অপরাধ করছেন।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ ‘দুর্বিষহ যন্ত্রণায়’ রয়েছে মন্তব্য করে সংসদে বিএনপির এ সংসদ সদস্য বলেন, “আজকে টিসিবির পণ্য প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে এবং ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে। সব থেকে বেশি উদ্বেগের যেটা হল, সব জেলা ও উপজেলায় টিসিবির ডিলার রয়েছে কিন্তু এখন গোটা রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনযন্ত্র প্যাকেজিংয়ের কাজে লিপ্ত হয়ে গেছে। প্রশাসনের কাছে জনগণ সেবা পাচ্ছে না।
তিনি বলেন, আগে দেখেছি টিসিবি ও রেশনে গরীব মানুষ্য ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারত। কোনো অবস্থাতে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বাম জোটের হরতালে পুলিশের লাঠিচার্জের প্রতি ইঙ্গিত করে হারুন বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যারা কথা বলতে চেষ্টা করছে, তাদের পুলিশ দিয়ে দমন করছেন। এভাবে তো চলতে পারে না। মানুষের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”
নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় গোটা দেশের স্কুল, কলেজ ও রাস্তাঘাট নির্মাণ স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের র্যাগ ডে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে হারুন বলেন, “আমাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি যা ইচ্ছা তাই করার জন্য নয়। সেখানকার শিক্ষার্থীরা বলছেন, মদ, গাঁজা ও হিরোইন বিক্রি হয় দেদারসে। তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? ভাইরাল হওয়া ভিডিও আমিও দেখেছি, মনে হচ্ছে হলিউড, না হয় বলিউডের কোনো দৃশ্য। বাংলাদেশে যা ইচ্ছা তাই চলতে পারে না।”
