তাদের নেত্রী না কি ‘এক নম্বর মুক্তিযোদ্ধা’: ডিএমপি কমিশনার
খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘মিথ্যার বেসাতি’ হিসেবে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।
শনিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মুজিববর্ষ স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’ এর মোড়ক উন্মোচন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংগঠনের সভাপতি পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “রাজারবাগে পুলিশ কনস্টেবল প্রথম গুলি ছুড়েছিল। কোন ঘোষণা তাকে উজ্জীবিত করেছিল? এখন একটি দলের নেতারা বলেন, মানুষ নাকি দিকভ্রান্ত হয়েছিল, মানুষ নাকি বুঝতে পারছিল না কী করবে।
“তাহলে রাজারবাগের পুলিশ কীভাবে বুঝেছিল? সারা দেশের পুলিশ কীভাবে বুঝেছিল কী করতে হবে? আসলে মিথ্যার বেসাতি তো, মিথ্যা কথা বলতে বলতে তারা এমন একটা জায়গায় নিয়ে যায়, যেন সেটাই (মিথ্যা) সত্য।”
তিনি বলেন, “আওয়ামী লীগের দোষ হলো সত্য কথাটাও ঠিকমত বলতে পারে না। আর ওরা একটা কথা ১০ বার বলবে… মিথ্যা কথা… বলতে বলতে এই যে এখন একটা পার্টির খুব সিনিয়র নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী না কি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর আর…।
“যাকে তার স্বামী পরিত্যাগ করছিল… যে পাকিস্তানের ওখানে কী করছে…। আর এখন সে না কি এক নম্বর মুক্তিযোদ্ধা। আচ্ছা সেগুলো আর আমরা না বলি। কিন্তু সত্য কিন্তু দিবালোকের মতো স্পষ্ট।“
ডিএমপি কমিশনার বলেন, “বাংলাদেশের পুলিশই প্রমাণ করেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা শপথ নিয়েছিলাম এবং দেশমাতৃকার জন্য প্রয়োজনে রক্ত দেব, জীব্ন দেব। সেই শপথের বহিঃপ্রকাশ কিন্তু সারা বাংলাদেশে ঘটেছিল।
“জাতির পিতার ৭ মার্চ যেভাবে বলেছেন। এরপরে ফরমালি আর স্বাধীনতার ঘোষণার তেমন কোনো প্রয়োজন ছিল না। ৭ মার্চের ভাষণে রাজারবাগ পুলিশকে উজ্জীবিত করেছিল।”
গত শুক্রবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব ফখরুল দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা’ দাবি করে বলেন, “তাকে (খালেদা) আজকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। ৪০ বছর ধরে যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন তাকে আজকে এই সরকার আটক করে রেখেছে। অসুস্থবস্থায় তাকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না তারা।”
কী চান আপনারা: আইজিপি
একই অনুষ্ঠানে বিএনপিকে ইঙ্গিত করে আইজিপি বেনজীর আহমেদ বলেন, “তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। দেশের অর্থনীতির ওপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন।”
ওই রাজনৈতিক দলের প্রতি প্রশ্ন রেখে আইজিপি বলেন, “আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন।
“আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা? জিএসপি বন্ধ করে কার টুটি চেপে ধরতে চান? ২২ লাখ মহিলা শ্রমিক কাজ করেন গার্মেন্টস সেক্টরে। ৪০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ করেন এ সেক্টরে। জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে?”
মূলমন্ত্রই ছিল ৭ মার্চের ভাষণ: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “মৃত্যু অবধারিত জেনেও সম্মুখ যুদ্ধ করে ঘুরে দাঁড়িয়েছিল বীর বাঙালি৷ এ দুঃসাহস আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকে। যে শক্তিতে আমরা বলীয়ান। রাজারবাগের পুলিশও সেই আহ্বানে সাড়া দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলে।”
স্বাধীনতা যুদ্ধের মূলমন্ত্রই ছিল ৭ মার্চের ভাষণ উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিটি বক্তব্যই আমাদের হৃদয়ে গাঁথা ছিল বলেই আমরা স্বাধীন বাংলা পেয়েছি। বঙ্গবন্ধুর স্বপ্ন সফল হয়েছে বলেই আজ আমরা গর্বিত।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার প্রক্রিয়া চলছিল। আজ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
