২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক ইস্যুতে ‘হাবুডুবু’ খেলে বিএনপিকে গভীর জলে ডুবতে হবে: কাদের

তত্ত্বাবধায় সরকার ইস্যুকে ‘মৃত’ উল্লেখ করে এতে ‘হাবুডুবু’ না খেতে বিএনপির উদ্দেশে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 10:48 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরে বিবৃতিটি গণামাধ্যমে পাঠানো হয়।

দেশের সর্বোচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে কাদের বলেন, “দেশের পবিত্র সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ... দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পবিত্র সংবিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই।

“বিএনপি নেতৃবৃন্দকে বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি এখন একটি ডেড ইস্যু এবং পাস্ট অ্যান্ড ক্লোজ চাপ্টার। জল বহু দূর গড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে সেই একই জায়গায় হাবুডুবু খেতে থাকলে বিএনপিকে গভীর জলে ডুবে মরতে হবে। গণতন্ত্রের নৌকা বহুদূর এগিয়ে গেছে, তাতে উঠতে হলে অনেকটা পথ সাঁতরে পাড়ি দিতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য ’উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর’ উল্লেখ করে বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতৃবৃন্দ চিরাচরিতভাবে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে।

“মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন; অথচ বিএনপিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করতে এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্র বাস্তবায়নে বিএনপি বার বার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেতারা এখন তত্ত্বাবধায়কের কথা বলছে অথচ বিএনপি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন প্রহসনের নির্বাচন আয়োজন করেছিল। তখন বিরোধী দল ও দেশের সর্বস্তরের মানুষ ওই নির্বাচন বর্জন করে। সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মতো আরেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে দিয়ে নিজেদের ষড়যন্ত্র বাস্তবায়নের চক্রান্তে লিপ্ত হয় বিএনপি।

“সংবিধান উপক্ষো করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেন। এরপর তিনি আকস্মিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে দেশকে ঠেলে দেন এক ভয়াবহ সঙ্কটে। এ অবস্থা চলতে থাকে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত, ৯০ দিনের পরিবর্তে টানা দুই বছর ক্ষমতা দখল করে থাকে ওয়ান-ইলেভেনের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার।” 

আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে জানিয়ে কাদের বলেন, “বিএনপি যদি তথাকথিত আন্দোলনের নামে এদেশের গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং আবারও ২০১৩-১৪-১৫ ও ২০১৮ সালের মতো অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড সংঘটিত করতে চায় তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।”