২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় বিএনপির চার নেতাকর্মীর সাজা, ৩১ জন খালাস

রাজধানীর বাড্ডা থানার নয় বছর আগের এক নাশকতার মামলায় বিএনপির চার নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 05:50 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক মঙ্গলবার এ মামলার রায়ে আরও ৩১ আসামিকে খালাস দিয়েছেন।

দণ্ডিত চারজন হলেন: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লা, ঈসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক ও মো.বাচ্চু।

১৪৩ ও ৪২৭ ধারায় তাদের ৬ মাস করে সশ্রম এবং ৩৫৩ ধারায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব ধারার সাজা একাদিক্রমে কার্যকর হবে বলে রায়ে নির্দেশ দিয়েছেন বিচারক।

ফলে সব মিলিয়ে তাদের দুই বছর করে কারাভোগ করতে হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মনিরুজ্জামান মনির জানিয়েছেন।

তিনি বলেন, “দণ্ডিত চার আসামি জামিনে ছিলেন। তারা আদালতে না এসে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে রায় ঘোষণা করেন। সেই সঙ্গে আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

খালাস পাওয়া আসামিরা হলেন- কামরুজ্জামান ওরফে স্বপন, আব্দুল মান্নান, শরীফুল, দীপন কুমার দাস ওরফে টাইগার মেম্বার, হারুন অর রশিদ, রেফায়েত উল্লাহ ওরফে রেফতুল আলম, এমদাদুল হক এমদাদ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল মতিন, সৈয়দ আসিফ, আফজাল, রুবেল হোসেন, আবুল হোসেন, আবিদ হোসেন তুষার, অলিউর রহমান দিপু, এ জি এম শাসসুল হক, বদরুজ্জামান, মেজবা উদ্দিন, কাজল দাস, মনু, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ, নুরুল আমিন, জোনায়েত হোসেন, শাহজাহান মোল্লা, হারুন অর রশিদ, মতিউর রহমান, কামাল হোসেন ও মাজহারুল ইসলাম।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর বাড্ডা এলাকায় ‘পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ এবং পুলিশের কর্তব্য পালনে বাধা’ দেওয়ার অভিযোগে এই মামলা করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযাগপত্র দাখিল করে। ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের জবানবন্দি নিয়ে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করল।