পিলখানা বিদ্রোহে ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্র’ ছিল: ফখরুল
সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তর পিলখানায় ২০০৯ সালের হত্যাকাণ্ডের পেছনে ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্র’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “এটা শুধু একটা বিদ্রোহ ছিল না, এর পেছনে একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র ছিল। তার মূল কারণটা ছিল যে, সেনাবাহিনীর মনোবলটা ভেঙে দেওয়া এবং এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল।”
পিলখানা হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্তির দিনে শুক্রবার সকালে বনানী সেনা কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন।
ফখরুল বলেন, “ওই বিদ্রোহের পেছনে সত্যিকার অর্থে কারা ছিল, এর সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমরা এখনও পাইনি। সেনাবাহিনী যে তদন্ত করেছিল তারও রিপোর্ট প্রকাশ করা হয়নি।
“আজকে দুর্ভাগ্য আমাদের এত বছর পরও… তদন্ত করে যে প্রকৃত সত্য, সেই সত্য উদঘাটন করা সম্ভব হয়নি। এর পেছনে কারা ছিল, কেন এই ঘটনাগুলো ঘটিয়েছিল? আমরা মনে করি, এই যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না, এর পেছনে ষড়যন্ত্র আছে।”
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার সদরদপ্তরে বিদ্রোহে সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই নির্মম ঘটনার পর বিডিআরের নাম পাল্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়।
দিনটি উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বনানীর সামরিক কবরস্থানে যায় শ্রদ্ধা জানাতে। এ সময় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় তারা মোনাজাতও করেন।
পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে শুক্রবার বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপি।
“এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা তাকে সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হয়েছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধেও আমাদের এতো কর্মকর্তা চলে যাননি। একেবারে ৫৬ কর্মকর্তা চলে যাননি, একজন সৈনিক চলে গেছেন।”
বিএনপির মহাসচিব বলেন, “আমরা আজকে এখানে এসেছি আমাদের সেই…মহান, জাতির গৌরব, জাতিকে রক্ষা করবার জন্য, দেশকে রক্ষা করবার জন্য শপথ নিয়েছিলেন তাদের এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে আমরা শোক প্রকাশ ও মাগফেরাত কামনা করতে এসেছি।”
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান, সারোয়ার হোসেন, এম এ হাসান, কোহিনুর আলম নূর, আজিজ রেজাসহ বিএনপির নেতৃবৃন্দ।
