সমস্যাটা ইসি নিয়ে নয়, সরকার নিয়ে: ফখরুল
রাষ্ট্রপতির চলমান সংলাপকে ‘অর্থহীন’ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষ্যে, সমস্যার মূল বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার ।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে মঙ্গলবার মানিকগঞ্জে বিএনপির জনসভায় চলমান সংলাপ প্রসঙ্গে একথা বলেন তিনি।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। তবে এতে ফল আসবে না বলে দাবি করে আসছে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসা বিএনপি।
ফখরুল বলেন, “আজকে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডাকাডাকি শুরু করেছে যে, আসো আমরা একটু আলাপ করি, সংলাপ করি। সংলাপ করে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করি। বাংলাদেশের মানুষ কি বোকা না আহম্মক?”
২০১৪ ও ২০১৮ সালে ইসি গঠনের সময় এমন সংলাপ হলেও নির্বাচনের নামে প্রহসন হয়েছে বলে দাবি করেন তিনি।
“আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, এই সংলাপ অর্থহীন, এই সংলাপে কোনোদিনই এই সঙ্কটের সমাধান হবে না, গণতন্ত্রের সঙ্কটের সমাধান হবে না, জনগণের ভোটের অধিকার ফিরে আসবে না। কারণ সমস্যাটা তো ওই জায়গায় না, ইলেকশন কমিশনের সমস্যা নয়, সমস্যা তো সরকারের।”
নিজের কথার ব্যাখ্যায় বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকালীন সময়ে সরকারটা কে থাকবে? যেটা কি নিরপেক্ষ সরকার থাকবে, না হাসিনার সরকার থাকবে। যদি হাসিনার সরকার থাকে তাহলে কি নিরপেক্ষ নির্বাচন হবে? আপনি কি ভোট দিতে পারবেন?
“তাই পরিষ্কার কথা। দেশের রাষ্ট্রপতিকে আমরা সবাই সম্মান করি। কিন্তু সেই রাষ্ট্রপতি যদি জনগণের সাথে প্রতারণা করার সুযোগ সৃষ্টি করে দেন, তাহলে কি আমরা মেনে নিতে পারি? এই সরকার প্রতারক এবং তাদের সঙ্গে সংলাপ করে জনগণের সমস্যার কোনো সমাধান হবে না।”
সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “টালবাহানা বাদ দেন, পদত্যাগ করেন। পদত্যাগ করে নিরপেক্ষ একটা সরকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। তা নাহলে কোনো নির্বাচন হবে না, নির্বাচনের সংলাপ হবে না।”
আইন মন্ত্রণালয়ের ‘প্রতারণামূলক বক্তব্য’
খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘আইনি সুযোগ নেই’ বলে সরকারের দেওয়া বক্তব্য ‘মিথ্যা ও প্রতারণামূলক’ বলে দাবি করেন ফখরুল।
দণ্ডিত খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আইনি সুযোগ নেই বলে আইন মন্ত্রণালয়ের মতামত মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
তার প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, “যে সমস্ত কথা তারা (সরকার) বলছে, সমস্ত কিছু মিথ্যা কথা, প্রতারণা। এই দেশের আইনেই আছে ৪০১ ধারাতে তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানো যেতে পারে।”
খালেদা জিয়ার সুস্থতা সরকার চায় না দাবি করে তিনি বলেন, “কারণ তারা জানে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে এদের এই মসনদ থাকবে না, তখতে তাউস উল্টে যাবে।”
খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারের উপরই যাবে বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে দেন তিনি।
মানিকগঞ্জের বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার নিন্দা জানান বিএনপি মহাসচিব।
নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এদের (আওয়ামী লীগ সরকার) সময় শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পারছেন যে, আমেরিকা তাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, জাতিসংঘ এদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে এবং বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র তাদেরকে বলছে যে, গণতন্ত্র ফিরিয়ে নিযে আসো তা না হলে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।
“আসুন আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।”
মানিকগঞ্জ আউটার স্টেডিয়ামে এই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা সভাপতিত্ব করেন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন।
সমাবেশে বিএনপি নেতা আবদুস সালাম, ফজলুল হক মিলন, মঈনুল ইসলাম শান্ত, যুব দলের সাইফুল ইসলাম নিরব, কৃষক দলের শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।
