লঞ্চে আগুনের জন্য সরকারকে দায়ী করা রাজনৈতিক দেউলিয়াত্ব: তথ্যমন্ত্রী
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থক রাজনৈতিক দলগুলোর বক্তব্য ‘রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনের ৫৮ বছরে পদার্পণ ও এইচডি সম্প্রচারের উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগা ও হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার ও জেলা প্রশাসন ইতোমধ্যেই নিহতদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এছাড়া যারা চিকিৎসাধীন তাদের সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টি মনিটরিং করছেন।”
অগ্নিকাণ্ডের এই ঘটনা নাশকতা না কি দুর্ঘটনা তার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, “কিন্তু এ দুর্ঘটনা নিয়ে ফখরুল সাহেব, মান্না সাহেবরা যেভাবে সরকারকে দায়ী করে করে বক্তব্য প্রদান করছেন, তা তাদের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।
“বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এগুলোও কি রাজনৈতিক কারণে হয়? আমাদের দেশেও অতীতে দুর্ঘটনা হয়েছে এবং হচ্ছে। দুর্ঘটনার সাথে তো রাজনীতির কোন সম্পর্ক নাই।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “সবকিছুতে রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা যারা খোলস বদলে বিএনপিতে এসেছেন বা মান্না সাহেব যিনি ছয় বার দল বদলেছেন, তারা কখন যে বলে ফেলেন, রাজনৈতিক দুঃশাসনের কারণেই তারা এত বার দল বদল করেছেন!”
