২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না: ফখরুল

সরকার পরিবর্তন ছাড়া নির্বাচন কমিশন পুর্নগঠনে সংলাপ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2021, 09:33 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

বুধবার টাঙ্গাইলে জেলা সদর মাঠে এক সমাবেশে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

সংলাপের বিষয়ে আগের দিন মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পেলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর একদিন পরই সংলাপ নিয়ে বিএনপির সমাবেশে ‘অন্য রকম’ বক্তব্য এল তার কাছ থেকে।

নতুন নির্বাচন কমিশন গঠনে গত সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপ শুরু করেন। এর মধ্য দিয়ে যে ইসি গঠিত হবে, তাদের অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে।

বঙ্গভবন থেকে এখন অবধি নয়টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে সংলাপের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে কতটির সঙ্গে সংলাপ হবে, তা এখনও বঙ্গভবন জানায়নি।

বুধবার সমাবেশে সংলাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “পত্র-পত্রিকায় ফলাও করে সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে আবার। তাই না। দেখছেন না, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করছেন। কিসের সংলাপ? যে কেমন করে নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।“

নির্বাচন কমিশন করে কী হবে প্রশ্ন রেখে তার অভিযোগ, যে সরকার আছে এ সরকারই তো এ নির্বাচন ধবংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনো লাভ হবে না।

“আমি খুব পরিষ্কার করে সেজন্য বলতে চাই যে, এই নির্বাচন-নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ-সংলাপ করে কোনো লাভ হবে না।”

নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কোনোদিন সুষ্ঠু হবে না দাবি করে তিনি বলেন, “আমাদের অভিজ্ঞতা হচ্ছে, ২০১৪ নির্বাচন, আমাদের অভিজ্ঞতা ২০১৮ এর নির্বাচন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ-পৌরসভা নির্বাচন। সবখানে দেখছি সরকার দলীয় লোকেরা জোর করে সব ফলাফল তাদের দিকে নিয়ে যাচ্ছে।”

খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশজুড়ে বিভাগীয় জেলা সদরে ধারাবাহিক সমাবেশের কর্মসূচির প্রথম দিন ঢাকা বিভাগের টাঙ্গাইলে এ সমাবেশ হয়।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা তুলে ধরে আবারও সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “আমরা সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। এবং তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন।

সংলাপ নিয়ে বিএনপির সুর বদল  

“অন্যথায় সমস্ত দায়-দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। নইলে জনগণের গণআন্দোলনে আপনারা পালাবার সুযোগ পাবেন না।”

আন্দোলনের চলমান কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, “আজকে আটটি জেলায় আমাদের এ কর্মসূচি ছিল। আপনারা কর্মসূচির কথা বলেছেন। আমরা ধীরে ধীরে কর্মসূচি করছি।

“আপনারা ফুটবল খেলা দেখেছেন না। ফুটবল খেলা শুরু হওয়ার আগে দৌড়াদৌড়ি করে। এটাকে কী বলে ওয়ার্ম। আমরা ওয়ার্ম আপ করছি।“

টাঙ্গাইলে সমাবেশের অনুমতি দিতে প্রশাসনের গড়িমসি, যানবাহন বন্ধ এবং হবিগঞ্জে সমাবেশে হামলাসহ বিভিন্ন সমাবেশ নেতা-কর্মীদের আসতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান বিএনপি মহাসচিব।

একই সঙ্গে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রজাতন্ত্রের কর্মচারি হিসেবে নিরপেক্ষভাবে কাজ করার আহবানও জানান তিনি।

জেলা আহবায়ক ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সমাবেশে দলের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ ব্ক্তব্য রাখেন।