২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে বিএনপির সুর বদল

নির্বাচন কমিশন গঠনের আলোচনায় না যাওয়ার কথা এতদিন বলে এলেও সেই সংলাপ শুরুর পর ভিন্ন কথা এল বিএনপির পক্ষ থেকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2021, 09:02 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, রাষ্ট্রপতির কাছ থেকে সংলাপের আমন্ত্রণ পেলে তখন তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

“আমরা সংলাপের বিষয়ে রাষ্ট্রপতির কাছ থেকে কোনো চিঠি পাইনি। তার কাছ থেকে চিঠি পেলে আমাদের স্থায়ী কমিটির সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

নতুন নির্বাচন কমিশন গঠনে সোমবারই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংলাপ শুরু করেন। এর মধ্য দিয়ে যে ইসি গঠিত হবে, তাদের অধীনেই পরবর্তী সংসদ নির্বাচন হবে।

নির্দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করলেও দশম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল।

তবে এবার আবার বিএনপি বলছে, নির্দলীয় সরকার না হলে কোনো নির্বাচনেই যাবে না তারা।

পাশাপাশি ইসি গঠনের সংলাপেও না যাওয়ার কথা জানায় দলটি।

ইসি গঠনের তোড়জোড়ের মধ্যে গত মাসে বিএনপির নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, “বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে বিএনপি অংশ গ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায় বিএনপি যাবে না।”

নির্বাচন কিংবা সংলাপে ‘যাবে না’ বিএনপি: খসরু

আগের সিদ্ধান্তের দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব ফখরুল মঙ্গলবার বলেন, “আমাদের সিদ্ধান্ত ছিল যে, কোনো ধরনের নির্বাচন নিয়ে আলোচনা করব না।

“সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমাদের কাছে এখনও কোনো চিঠি আসেনি। আমরা সেই সিদ্ধান্ত ওইভাবে এখনও নিইনি।”

‘না না’ বলতে বলতে বিএনপি না নাই হয়ে যায়: তথ্যমন্ত্রী  

বঙ্গভবন থেকে এখন অবধি নয়টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের সূচি চূড়ান্ত করা হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে সংলাপের সূচিও এখনও চূড়ান্ত হয়নি।

ইসিতে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল রয়েছে, তাদের মধ্যে কতটির সঙ্গে সংলাপ হবে, তা এখনও বঙ্গভবন জানায়নি।

সবার মতামত নিয়ে গ্রহণযোগ্য ইসি গঠনের আশা রাষ্ট্রপতির  

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। তার আগেই নতুন ইসি গঠন হবে রাষ্ট্রপতিকে।

ইসি নিয়োগে আইন এখনও না হওয়ায় রাষ্ট্রপতি গত দুই বারের মতো দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটি গঠন করবেন। সেই সার্চ কমিটি ইসি নিয়োগে নামের সুপারিশ করবে। সেই নাম থেকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন।

বিএনপি নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের প্রতি শুরু থেকে অনাস্থা জানিয়ে আসছে। তাদের ভাষায়, এই কমিশন সরকারের ‘আজ্ঞাবহ’।

মঙ্গলবার ঢাকার বনানী ফ্লাইওভারের নিচে অনলাইন সংগঠন ‘অর্পণ’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানেই সাংবাদিকদের সঙ্গে সংলাপ নিয়ে কথা বলেন তিনি।

অর্পণের সভাপতি বীথিকা বিনতে হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আনু মো. শামীম আজাদ, ইয়াসীন আলী, সরদার মো. নুরুজ্জামান, আজিজুর রহমান মুসাব্বির, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসময় উপস্থিত ছিলেন।