নির্বাচন কিংবা সংলাপে ‘যাবে না’ বিএনপি: খসরু
বর্তমান সরকারের অধীনে নির্বাচন কিংবা সংলাপ কোনোটাতেই বিএনপি ‘যাবে না’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি স্পষ্ট করে এটা বলতে চাই, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী নির্বাচনে এই রেজিমের অধীনে বিএনপি অংশ গ্রহণ করবে না। শুধু তাই নয়, কোনো আলোচনায় বিএনপি যাবে না।
“কারণ আমরা বিগত দিনে আলোচনাও করেছি, নির্বাচনে অংশগ্রহণও করেছি। তার ফলাফল বাংলাদেশের মানুষ পেয়েছে, বিশ্বাবাসীর কাছে এটা স্পষ্ট দিনের আলোর মত। সুতরাং এই রেজিমের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না, আলোচনায়ও যাওয়া যাবে না।”
এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “একমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে আলোচনা শুরু হতে পারে। যখন বাংলাদেশে নিরপেক্ষ সরকার দায়িত্ব নেবে, তখন আলোচনা হতে পারে কীভাবে বাংলাদেশে নির্বাচন হবে, নির্বাচন কমিশন কীভাবে হবে, অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো- যেগুলো নির্বাচনের সাথে জড়িত, তাদের কার্য্ক্রম কীভাবে আগামী দিনে হবে… তার আগে আলোচনার কোনো সুযোগ নাই।”
‘সরকার হটানোর’ আন্দোলনের ডাক দিয়ে আমীর খসরু বলেন, “এই অনির্বাচিত একটা সরকারকে আমাদের বিদায় করে, একতাবদ্ধ হয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।”
‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ও বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনাসভা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পেছনে আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “এই সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির পেছনে মূলত যে দলটি কাজ করছে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
“আজকে (কুমিল্লাসহ বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা) যারা এই ঘটনা ঘটিয়েছে এটা দিনের আলোর মতো স্পষ্ট, কারা এই ঘটনার সাথে জড়িত। যারা এই ঘটনার শিকার তারা বলেছে।
“এখানে এমপির কথা বলেছে, এখানে মেয়রের কথা বলেছে, এখানে ছাত্রলীগের কথা বলেছে, তাদের সমর্থকদের কথা বলেছে। এই ঘটনাগুলো পত্র-পত্রিকায়, সোশাল মিডিয়াতে এসেছে কারা জড়িত।”
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।
এর জের ধরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটে।
এসব ঘটনার ‘বিচার না করে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাধাগ্রস্ত’ করছে অভিযোগ করে আমীর খসরু বলেন, “গত ৯ বছরে তিন হাজারের উপরে হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে। কোনোটার বিচার হয়নি। আজকে যে ঘটনা ঘটেছে, তারা যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে এই ঘটনারও তারা বিচার করতে চাচ্ছে না।”
মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার পতনের আন্দোলনই ‘একমাত্র উপায়’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “এখন জাতি-ধর্ম নির্বিশেষে সকলে একতাবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে দিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নাই।”
সংগঠনের উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খোন্দকার আব্দুল হামিদ ডাবলু, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপনসহ অন্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন
