২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্রলীগ নেত্রীকে মারধর, ৫ নেতা-নেত্রীকে গ্রেপ্তারে পরোয়ানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় সংগঠনেরই পাঁচ নেতা-নেত্রীকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2021, 08:02 PM

Updated : 25 Jul 2022, 05:26 PM

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়েছে, তারা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জিয়াসমিন শান্তা, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, বঙ্গবন্ধু হল ছাত্রলীগের উপ সম্পাদক তানসেন শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক।

গত ২৪ জানুয়ারি করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ ঢাকা মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক সোমবার দেন।

বাদীর আইনজীবী আবদুল্লাহ আল জাহিদ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত সংস্থা পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করেছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”

পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলে আগামী ১১ জানুয়ারি আদালত তারিখ রেখেছে বলে জানান তিনি।

মামলার আরজিতে বলা হয়, এজাহারের ১ নম্বর আসামি নিশি বাদীকে গত বছরের ২২ ডিসেম্বর রাতে মোবাইলে ফোন দিয়ে ল ফ্যাকাল্টির সামনে ডেকে নিয়েছিলেন। সেখানে শান্তাসহ অন্য আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। দৌড়ে পালানোর সময় তানসেন ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বাদীকে আঘাত করে ফুটপাতে ফেলে দেন। তখন নিশি বাদীর গলা চেপে ধরেন।

আসামিরা তন্বীকে ছাত্রলীগ ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।