২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পলাতকদের অপকর্ম স্মরণ করিয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী

বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচারকারীদের অপকর্মের কথা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি বিএনপির অত্যাচার ও নির্যাতনের কথা জানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 12:45 AM

Updated : 10 Oct 2022, 06:24 PM

শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন নির্দেশনা দেন তিনি।

সভায় দেশের কিছু মানুষের দ্বৈত মানসিকতার সমালোচনাও করেন আওয়ামী লীগ সভাপতি।

বাংলাদেশের মানুষ বারবার অতীত ভুলে যায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের কিছু মানুষ আছে আমরা দেখি তাদের অবস্থাটা… হয়তো কেউ কেউ আছে এদেশে, যারা হাজার অপরাধ করলেও সেটাকে অপরাধ হিসেবে দেখে না। তাদের প্রতি দয়া যেন উতলে পড়ে। অথচ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে কিন্তু দুর্নীতি করে যারা সাজাপ্রাপ্ত তাদের পক্ষে কথা বলে।

“সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে তারা সোচ্চার কিন্তু সেই জঙ্গিবাদ, সন্ত্রাসের সঙ্গে জড়িত ১০ ট্রাক অস্ত্র মামলায় যারা সাজাপ্রাপ্ত তাদের বিরুদ্ধে একটা কথাও নাই। এতিমের অর্থ আত্নসাৎ করে খায় তার জন্য সাজাপ্রাপ্ত তার জন্য তাদের মায়াকান্না। অদ্ভূত একটা অবস্থা আমরা দেখি।“

‘আর সব দোষ তো আওয়ামী লীগের’ মন্তব্য করে সরকারপ্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা নয়, তার বিরুদ্ধে অপপ্রচারের কথাও তুলে ধরেন।

তিনি বলেন, “অথচ যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কারও কারও টাকা তো আমরা ফেরতও এনেছি। খালেদা জিয়ার ছেলের টাকাই তো আমরা ফেরত এনেছি। আন্তর্জাতিকভাবে যারা ধরা পড়েছে।

“এবং শুধু আমাকে হত্যা না, আমেরিকায় বসে এফবিআইয়ের অফিসার তারা কিনে ফেলেছে। সেখান থেকে তথ্য নিয়ে জয়কে হত্যা করার ষড়যন্ত্র করে।

পরে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সেই কর্মকর্তা দুর্নীতির জন্য ধরা পড়লে তার বিরুদ্ধে যখন মামলা হয়, সেই মামলা থেকেই বেরিয়ে আসে- বিএনপি টাকা দিয়ে খুনি ভাড়া করে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে, যা আওয়ামী লীগের কেউ জানত না।

“যদি এফবিআইয়ের ওই কর্মকর্তা ধরা না পড়ত আর তার যদি বিচার না হতো… তার বিচারের রায়ে বিএনপির দুই নেতার নাম চলে আসে, যারা তাকে টাকা দিয়েছে ও মদদ দিয়েছে।“

শেখ হাসিনা বলেন, এভাবে তারা একটার পর একটা দেশ বিরোধী কাজ এবং এখনও বিদেশে বসে আমাদের কিছু লোক আছে, যত ভালো কাজই আমরা করি না কেন তার বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে।

“সেইক্ষেত্রে আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মীকেই আমি মনে করি যে, এদের অপকর্মের কথাগুলো মানুষকে আবার স্মরণ করিয়ে দেওয়া উচিত।”

সেই সময়ে বিএনপির হাতে নির্যাতিতদের অন্য বক্তৃতা দেওয়ার চাইতে, তাদের ওপর অত্যাচারের বর্ণনা তুলে ধরার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।

তিনি বলেন, কী অত্যাচারটা করেছে সেটা মানুষকে জানানো উচিত। যাতে আমাদের যারা বুদ্ধি বেচিয়া জীবিকা নির্বাহ করে, যাহারা তাদের বুদ্ধির গোড়ায় যেন কিছুটা অন্তত হলেও জ্ঞান ঢোকে এবং বাস্তব অবস্থাটা যেন তারা জানতে পারে।

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে কিছু লোক ষড়যন্ত্র করছে উল্লেখ করে প্রধানন্ত্রী বলেন, কিছু কিছু দেখলাম এখন তাদের মিটিং বসছে- এখন কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা যাবে না।

“আওয়ামী লীগের অপরাধটা কী? আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে? বাংলাদেশের মানুষ এখন দু বেলা পেট ভরে ভাত খেতে পারে?  এখন আর ওই ক্ষুধার্ত, শুকনো মানুষগুলো দেখিয়ে দেখিয়ে বিদেশ থেকে বোধহয় পয়সা কামাই করতে পারছে না। এটাই তাদের দু:খ?”

খুনিদের মদদেই প্রমাণ, ‘তারা’ বঙ্গবন্ধু হত্যায় জড়িত: শেখ হাসিনা  

বাংলাদেশের অতীতের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ যাদের দেখেছি পায়ে একটা স্যান্ডেলও নাই। গায়ে জামা নাই। ছিন্ন বস্ত্র। বিদেশ থেকে পুরান কাপড় এনে যাদের কাপড় দেওয়া হতো। আজকে আল্লাহর রহমতে সেই অবস্থা নাই। এখন অন্তত মানুষের গায়ে কাপড়ও আছে, পায়ে এক জোড়া রবারের চপ্পল হলেও আছে।

দেশের এসব পরিবর্তন হঠাৎ করে হয়নি জানিয়ে তিনি বলেন, পরিবর্তনগুলো করবার জন্য আমরা পরিকল্পিতভাবে কাজ করেছি।

দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরার পাশাপাশি করোনাভাইরাস মহামারীর মধ্যেও মানুষের জীবন ও জীবিকা সচল রাখতে নেওয়া পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। অযথা অহেতুক বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে… এমনকি আমরা উন্নয়নশীল দেশ কেন হলাম, এটাও সঠিক না বলে অপপ্রচার (করে)… আমাদের দেশের কিছু মানুষ তারা অপপ্রচার করে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক যে এরা তাহলে কারা? এদের উদ্দেশ্যটা কী? এরা কী চায়?

এসব বিষয় সম্পর্কে ওয়ার্কিং কমিটির প্রত্যেক সদস্যকে সচেতন থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, (এসব বিষয়ে) জানতে হবে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এটার জন্য যা যা করণীয় করতে হবে।

সাধারণ মানুষ সঙ্গে আছে

সাধারণ মানুষ সরকারের সঙ্গে আছে উল্লেখ করে সভায় প্রধানমন্ত্রী জানান, মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন মানুষকে সরকার প্রায় চার লাখ ঘর করে দিলেও মাত্র নয়টি জায়গায় দুর্নীতি খুঁজে পাওয়া গিয়েছে এবং কিছু ঘর দা দিয়ে কুপিয়ে অথবা শাবল দিয়ে ভাঙা হয়েছে।

এই ঘরগুলো ভেঙে যাওয়া নিয়ে যখন কোনো টেলিভিশনে ব্যাপক সংবাদ প্রচার করা হয় তখন ঘরগুলো কিভাবে ও কারা ভেঙেছে সেটাও খোঁজ রাখা দরকার ছিল বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যেখানে আমরা লক্ষ লক্ষ ঘর দিচ্ছি- সেখানে তিনশটা জায়গায় এ ধরনের ঘটনা; আর আরেকটা হচ্ছে অতিবৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় ঘরের মাটি ঝড়ে গিয়েছিল। যেমন এক জায়গায় তিনশ ঘর। সেখানে হয়তো দুটো বা চারটা বা দশটা ঘর নষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে সেগুলো মেরামত করে দেওয়া হয়েছে।

“এতগুলো যে করে দিলাম সেটার কথা নাই, কোনটা একটু ভাঙলো সেটাই বড় করে বলা হলো।“

শেখ হাসিনা বলেন, এই যে উদ্দেশ্যমূলকভাবে আমাদের কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গত অক্টোবরে কুমিল্লায় দুর্গাপূজার মধ্যে একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে মন্দিরে হামলা এবং বেশ কিছু জেলায় ভাংচুরের প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে।

তিনি বলেন, মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে হনুমানের পায়ের উপর কোরআন শরীফ রেখে হনুমানের গদাটা নিয়ে হেঁটে চলে গেল। একজন মুসলমান হয়ে এই কোরআন শরীফের অবমাননা কিভাবে করে?

“যে কোরআন শরীফটা নিয়ে মন্দিরে রেখেছে, হনুমানের পায়ের ওপর রেখেছে সেকি কম দোষী? সেই তো কোরআন শরীফের অবমাননা করেছে? সেটাই তো বড় কথা। আর সেটা নিয়ে একটা অবস্থা সৃষ্টি করতে চেয়েছিল।”

সময়োচিত পদক্ষেপ নেওয়ার ফলে সরকার তা নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট সক্রিয় ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, “এর পেছনে কারা? সেটাও কিন্তু তদন্ত করে বের হয়েছে, যেহেতু মামলা চলছে সেজন্য হয়তো সব বলব না, আমরা কিন্তু সেই তথ্য জানি।“

Image
ছবি: পিএমও

ছবি: পিএমও

বিতর্ক সৃষ্টিতে বিএনপি জামায়াত সক্রিয় 

প্রধানমন্ত্রী বলেন, আমরা যত ভালো কাজ করি, সেখানে একটা বির্তক সৃষ্টি করার চেষ্টা সব সময় এদের আছে। এটা বিএনপি জামায়াতই সব থেকে বেশি সক্রিয়। সঙ্গে আবার এখন নতুন কিছু (দল) গজাচ্ছে। সেটা গজাক।

বাংলাদেশে যারা নতুন দল করতে চাচ্ছে, তাদেরকে দল করতে দেওয়া উচিত এবং তাদের যেন কোনো ধরনের বাধা দেওয়া না হয় সেটি পুলিশের মহাপরিদর্শককে জানানোর কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি বলেন, মিছিল করতে চাচ্ছে মিছিল করুক। মিছিলে আমরা বাধা দেব কেন। তারা করতে থাকবে।

“তারা যত রকম আন্দোলন করুক। কিন্তু মানুষ পোড়ায়ে মারতে পারবে না। কোনো যানমালের ক্ষতি করতে পারবে না। সেটা আমাদের দেখতে হবে। কোনো জিনিসের যেন ক্ষতি করতে না পারে।”

আওয়ামী লীগ একটা আদর্শ নিয়ে চলে এই কথাটা মনে রাখতে হবে জানিয়ে শেখ হাসিনা দলের নেতাদের স্মরণ করিয়ে দেন, জাতির পিতা মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগ সংগঠন তৈরি করেছেন।

দলকে আরও সুসগঠিত করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোটের আমাদের আল্লাহর রহমতে কোনো অভাব নেই।

বিএনপি নির্বাচন কেন করবে

আজকে বিএনপি নির্বাচন কেন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, তাদের ভোট দেবে কে? তাদের দল কোথায়? তাদের নেতা কোথায়? তারা নেতা বানিয়েছে… একজন এতিমের অর্থ আত্নসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি সে নেতা থাকতে পারবে না। তার পরিবর্তে আরেকজনকে রেখেছে সেও তো সাজাপ্রাপ্ত আসামি এবং ফিউগেটিভ মানে বিদেশে পলাতক।

পলাতক আসামি যেই দলের নেতা সেই দল কী নির্বাচনই করবে, ভোটও বা তাকে মানুষ কি আশায় দেবে? মানুষ তো একটা ভোট দেয় আশা নিয়ে যে, যাকে ভোট দেবে তারা ক্ষমতায় আসবে তাদের সেবা করবে।

বিএনপিকে নিয়ে এদেশের মানুষ কি কোনো আশা করতে পারে, কোনো ভরসা করতে পারে- বলেও প্রশ্ন তোলেন শেখ হাসিনা।

এমন টাকা চুরি করে তারা বিদেশে নিয়ে গেছে যে সেখানে তারা বিলাসবহুল জীবনযাপন করছে। তাদের আয়ের উৎসটা কি? কেউ কি একবার তারেক জিয়াকে জিজ্ঞেস করেছে আপনার আয়ের উৎস কি?

তাহলে এত বাড়ি, গাড়ি, কাজের লোক, ড্রাইভার শান শওকত আসে কোথা থেকে যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এটাতো বাংলাদেশের মানুষের অর্থ আত্নসাৎ করা, চুরি করা, গরীবের ধন চুরি করেই তো তারা এ অর্থ সম্পদের মালিক হয়েছে।