২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেলের পর বাসের ভাড়া বাড়ানো অমানবিক হয়েছে: ১৪ দল

ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়াও বাড়িয়ে দেওয়ার বিরোধিতা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 10:36 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

দীর্ঘ দিন পর এই জোটের বৈঠক হওয়ার পর তা থেকে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে সজাগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্বে আসা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ঢাকার ইস্কাটনের বাড়িতে এই বৈঠক হয়।

বৈঠক শেষে আমু সাংবাদিকদের বলেন, “বাস ভাড়া বৃদ্ধি অমানবিক হয়েছে। অত্যন্ত বেশি বাড়ানো হয়েছে।”

গ্যাসচালিত ও ডিজেলচালিত দুই ধরনের বাস না রাখার পরামর্শ দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “আমরা জানি অধিকাংশ বাস সিএনজিচালিত, যেখানে গ্যাসের দাম বৃদ্ধি হয়নি, সেখানে কেন বাসের ভাড়া বৃদ্ধি করা হল? এর যৌক্তিকতা আমরা খুঁজে পাই না।  

“হয়, এই সিএনজিচালিত বাস ব্যবস্থা বাদ দিতে হবে, সবাইকে তেলে আনতে হবে। না হয়, বাস ভাড়া পুনঃনির্ধারণ করে জনগণের মধ্যে স্বস্তি আনতে হবে।”

আমু বলেন, “১৪ দল মনে করে, ডিজেলের মূল্য হঠাৎ করে ১৫ টাকা বাড়ানো উচিত হয়নি। সরকারের উচিত ছিল তিন পক্ষের সঙ্গে আলোচনা করে সব কিছু নির্ধারণ করা। বর্ধিত বাস ভাড়া অমানবিক।”

দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ে তিনি বলেন, “আমাদের দেশে সরবরাহের ঘাটতি নেই, উৎপাদনে ঘাটতি নেই, তারপরও অহেতুকভাবে দফায় দফায় দ্রব্যমূল্য বৃদ্ধি জনগণের নাভিঃশ্বাস উঠে যাচ্ছে, এদিকেও দৃষ্টি দেওয়া উচিত। কী কারণে হঠাৎ করে এভাবে মূল্যবৃদ্ধি করা হয়? কেন জনগণ দুর্দশার শিকার হচ্ছে? কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি সুরাহা করা। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মূল্য নির্ধারণ করা।”

ডিজেলের আঁচ পড়বে বাজারে, বাড়বে খরচ  

তেলের দাম গরম করছে চালের বাজার  

ইউপি নির্বাচন নিয়ে সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমু বলেন, “এতেও আমরা উদ্বেগ প্রকাশ করছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে এই সহিংসতা বন্ধ হয়। জনগণ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারে। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত সজাগ ও কঠোর হতে হবে।”

সাম্প্রদায়িক হামলার ঘটনা নিয়েও আলোচনা হয় ১৪ দলের বৈঠকে।

আমু বলেন, “একটি সম্প্রদায়কে সামনে রেখে এই ঘটনাটি যদিও ঘটিয়েছে, কিন্তু মূলত যারা ঘটিয়েছে তারা দেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করা ও দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য ঘটিয়েছে। আমরা মনে করি, এটার তদন্ত সাপেক্ষে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা যেন না ঘটে।”

আমু জানান, দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করেছে ১৪ দল। এর সময়সূচি পরে জানানো হবে।

আমুর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।