২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হল রওশনকে

ফুসফুসের জটিলতা নিয়ে প্রায় তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 06:03 PM

Updated : 10 Oct 2022, 06:22 PM

তার সহকারী একান্ত সচিব মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। তারা পৌঁছান বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদও ব্যাংককে বিরোধীদলীয় নেতার সঙ্গে রয়েছেন।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদ যাত্রার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মায়ের চিকিৎসা হবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

ফুসফুসের জটিলতায় আক্রান্ত রওশনকে গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন।

গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর বিরোধী দলীয় নেতাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও আইসিইউতে নেওয়া হয়।

গত ২৮ আগাস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছিলেন, চিকিৎসক মত দিলে জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশনকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। টানা দ্বিতীয় মেয়াদে তিনি সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন:

রওশনের অবস্থা ‘উন্নতির দিকে’  

চিকিৎসকরা মত দিলে রওশনকে বিদেশ নেওয়া হবে: জিএম কাদের