২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রওশনের অবস্থা ‘উন্নতির দিকে’

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা ‘উন্নতির’ দিকে বলে জানিয়েছেন তার ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 08:14 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় গত ১৪ অগাস্ট রওশনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। এরপর থেকে টানা ৭২ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন।

গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

প্রথম দফায় কেবিনে স্থানান্তরের পর বিরোধী দলীয় নেতাকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হয়েছিল। এছাড়া ফুসফুসের সংক্রমণের চিকিৎসাও চলছিল। সম্প্রতি ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়া আবারও আইসিইউতে নেওয়া হয়।

শনিবার সাদ এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার (রওশন) অবস্থা উন্নতির দিকে। অনেকদিন ধরেই তাকে অক্সিজেন দেওয়া লাগছে না। তবে বার্ধক্যের কারণে শরীর দুর্বল।”

বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় এক অনুষ্ঠানে জানান দলের প্রধান পৃষ্ঠপোষক রওশনকে চিকিৎসকের মতামতের ভিত্তিকে বিদেশে নেওয়া হবে।

সেদিন তিনি বলেছিলেন, রওশন ‘নিস্তেজ’ অবস্থায় আছেন ।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। টানা দ্বিতীয় মেয়াদে তিনি সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্বে রয়েছেন।

পুরনো খবর:

চিকিৎসকরা মত দিলে রওশনকে বিদেশ নেওয়া হবে: জিএম কাদের