২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঠি-ঝাড়ু নিয়ে রাজপথে নামতে বললেন গয়েশ্বর

‘বাঁশের লাঠি’ বা ‘ঝাড়ু’ নিয়ে রাজপথে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে বললেন গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 03:56 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

সোমবার দুপুরে এক আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান।

তিনি বলেন, “আমাদের একটা ‘আনক্লিনড ব্যাম্বো’ নিয়া রাস্তায় দাঁড়াতে হইব। আনক্লিনড বাঁশ, কারণ ক্লিনড বাঁশ বোধ হয় যথেষ্ট নয়। এখন আমাদের সেই বাঁশের লাঠি নিয়া আন্দোলন করতে হবে।

“আমি আশা করি, শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) মাইন্ড করবেন না। কারণ ৭ই মার্চ তো শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা আছে লাঠি-বাটি…। যদি তাই না হয় ঝাড়ু দিয়ে নাম। আমাদের এখানে নারী নেত্রী বিলকিস যদি ঝাঁড়ু নিয়া নামেন- এটাই এনাফ। এর বেশি কিছু লাগবে না আমার মনে হয়।”

গয়েশ্বর বলেন, “আমরা বর্তমান সরকারকে যেন শক্তিশালী মনে না করি। শুধু এক সঙ্গে বলতেই হবে- এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি।”

দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করে ফেলা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার ও রাষ্ট্র দুই শব্দ যে আলাদা এই সরকার তা বুঝতে চায় না। প্রশাসনিক রুলারদের মতো তারা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছেন, পরিচালিত করছেন। বিচার বিভাগে হস্তক্ষেপ করা বা নিয়ন্ত্রণ করার ন্যূনতম সুযোটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। নৈতিকভাবে কোনো আইনে তারা এটা পারে না।

“কিন্তু মন্ত্রীরা যখন বক্তৃতা দেয়, পরের দিন যদি কোনো বিচারের জাজমেন্ট হয়- দেখা যায় মন্ত্রীদের কথা হুবহু সেটাতে আছে। তার মানে ওমুক অ্যারেস্ট হবে, অমুকের ফাঁসি হবে, অমুকের জেল হবে, দেখবেন জাজমেন্টটা তেমন হয়। তার মানে কি? কোনো সাবজুডিস বিষয়ে যখন সরকারের মন্ত্রীরা যদি কথা বলে সেখানে আদালত প্রভাবিত হতে পারে। সাবজুডিস বিষয় কথা বলা নিষিদ্ধ। কিন্ত তারা এটা অনবরত করে যাচ্ছে।”

ক্ষমতাসীন সরকার-পুলিশ আদালতের ওপর প্রভাব বিস্তার করে, এক হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন করছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর।

জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জিয়া মঞ্চের প্রধান আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।