২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন সামনে রেখে আবারও আসছে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 08:40 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

যে কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নিজের বক্তব্য ভিডিওতে ধারণ করে এই প্রচারাভিযানে অংশ নিতে পারবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী ২৮ সেপ্টেম্বর। দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে।

এর বাহিরে আওয়ামী লীগ এবং দলের গবেষণা উইং সিআরআই আয়োজন করছে এই ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুগে যুগে বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড করেছেন। যার ফলে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। বিভিন্ন খাতে তাৎপর্যপূর্ণ উন্নয়ন হয়েছে। বিশ্বের মানচিত্রে বংলাদেশ আত্মনির্ভরশীল মর্যাদাবান জাতিতে পরিণত হয়েছে।

“২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিন। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে এক  যুগ ক্ষমতায় থাকার কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে। তারা এই বিশেষ দিনটি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে এবং বঙ্গবন্ধুকন্যার  সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করবে।”

বিপ্লব বড়ুয়া বলেন, “অনেকে অনেকভাবে এই দিবসটি পালন করেন। আমরা আওয়ামী লীগ এবং সিআরআইয়ের পক্ষ থেকে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন চালু করেছি। আমরা আশা করি, দেশের মানুষ একটি ভিডিও বার্তার মাধ্যমে  বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে। আমাদের গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিআরআই তাদের ফেইসবুক পেইজে তা প্রচার করবে। গতবারও এই উদ্যোগ নেওয়া হয়েছিল, এবারও হবে।”

সিআরআইয়ের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, “গত ১৩ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাক্সিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ন প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানো যাবে এ ক্যাম্পেইনে।”

ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে। কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করছে সিআরআই।

কেউ চাইলে একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা: opinion@albd.org; Google Drive/One Drive এর লিংক 'Shareable' বা 'Open' বা 'Anyone Can Get Access' এই অপশনগুলো Enable করে পাঠাতে হবে।

এবং অবশ্যই ভিডিও শেষ করতে হবে 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' বলে।

ভিডিও পাঠানোর শেষ তারিখ ২০ সেপ্টেম্বর, ২০২১।