বিএনপিকে ‘সুস্থ’ ধারায় ফেরার পরামর্শ তথ্যমন্ত্রীর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটিকে ‘সুস্থ’ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্র্যাবের অনলাইন পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাদের অভিনন্দন জানাই। আমাদের প্রত্যাশা থাকবে বিএনপি এতদিন ধরে যে যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, জঙ্গি-সন্ত্রাসী, পেট্রোল বোমার রাজনীতি করে আসছিল, সেই অপরাজনীতি থেকে বেরিয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে। তাহলে দেশ এবং রাজনীতি উপকৃত হবে।”
অনুষ্ঠানে অনলাইন সংবাদ মাধ্যম নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “অনলাইন পত্রিকা এবং আইপি টিভি এখন যুগের বাস্তবতা। অনলাইন পত্রিকা থাকবে, আইপি টিভিও থাকবে। কিন্তু অপরিকল্পিতভাবে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পোর্টালের প্রয়োজন নেই।”
ডিজিটাল নিরাপত্তা আইনের পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, “ডিজিটাল যুগে এ ধরনের আইনের প্রয়োজন এবং প্রায় সব দেশে এ ধরনের আইন রয়েছে।”
ক্র্যাব সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, সাখাওয়াত হোসেন বাদশা, খায়রুজ্জামান কামাল, মোতাহার হোসেন সভায় বক্তব্য রাখেন।
