২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অগাস্টের হত্যাকাণ্ড কারবালাকেও হার মানায়: তথ্যমন্ত্রী

পঁচাত্তরের ১৫ অগাস্টের হত্যাকাণ্ড নৃশংসতার দিক দিয়ে কারবালার কাহিনীকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2021, 10:43 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

রোববার ঢাকার মহাখালীর ২০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বনানী থানা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.)কে হত্যা করা হলেও নারীদের হত্যা করা হয়নি। কিন্তু ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ অন্তঃসত্ত্বা বেগম আরজু মণি, দুই নবপরিণীতা সুলতানা কামাল ও রোজী জামালকে হত্যা করা হয়। হত্যা করা হয় ১০ বছরের শিশু রাসেল, চার বছরের শিশু সুকান্ত বাবু, ১০ বছরের শিশু আরিফ সেরনিয়াবাত, ১২ বছরের বেবি সেরনিয়াবাতকেও। বেড়াতে আসা অতিথি এবং কাজের মানুষেরাও ঘাতকের হাত থেকে সেদিন রেহাই পায়নি।”

তিনি বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রকে হত্যার উদ্দেশ্যেই সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল।

“যে অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা চায়নি, হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে এদেশের মুক্তিকামী মানুষের উপর অত্যাচার-নির্যাতন করেছে এবং যে আন্তর্জাতিক গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের যৌথ ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।”

“বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি যুক্তদের বিচার হয়েছে, কিন্তু খন্দকার মোশতাক, জিয়াউর রহমানসহ এ হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার করতে হবে, যাতে শতবর্ষ পরের প্রজন্ম ঠিক ইতিহাস জানতে পারে,” বলেন তিনি।

বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য নিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনলে মনে হয়, তিনি প্রচণ্ড হতাশায় ভুগছেন এবং রাজনীতি যে একটি ব্রত, দেশের মানুষের কল্যাণ-উন্নয়নের ব্রত, তা তারা কখনও ভাবেন না।”

বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জসিম উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বক্তব্য রাখেন।