২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জাপার

শিক্ষার্থী ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2021, 03:19 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

শুক্রবার দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এক বিবৃতিতে বলেন, “ছাত্র ও শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দান সম্পন্ন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আগামী প্রজন্ম হবে জ্ঞানহীন মূর্খ। এতে করে আমাদের সমাজের মৌলিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে।”

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর সরকারি সিদ্ধান্তে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আগামী ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি গ্রহণ করতে বলেছে। 

সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, “মহামারী করোনার কারণে এক বছরের অধিককাল ধরে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে। ইতিমধ্যে কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েও, বাস্তবায়ন সম্ভব হয়নি। এতে অপূরণীয় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। দেশের বৃহৎ স্বার্থে শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে।”

জাপা চেয়ারম্যান বিবৃতিতে আরও বলেন, “সরকারি তরফ থেকে বলা হচ্ছে সবাইকে টিকা দেয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। বর্তমান টিকা সংগ্রহের অনিশ্চয়তার কারণে, স্বাভাবিকভাবে টিকা দান শেষ হতে হয়তো আরো কয়েক বছর সময় লেগে যেতে পারে।

“দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে একটি প্রজন্মকে মূর্খ হতে দেয়া যায় না। তাই অগ্রাধিকার ভিক্তিতে শিক্ষা সংশ্লিষ্টদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।”