অপকর্ম করলে সরকারি দলের লোকও ছাড় পাচ্ছে না, দাবি কাদেরের
দুর্নীতি ও অপকর্মে জড়িত হলে সরকারি দলের লোকজনও ‘ছাড় পাচ্ছে না’ দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক, তাকে ‘সুশাসনের স্বার্থে’ আইনের আওতায় আনা হচ্ছে।
শুক্রবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরের এ মন্তব্য আসে।
গণমাধ্যমে যেন ‘দুর্নীতির খবর প্রকাশ না পায়, সেজন্যই সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদিন আগে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার ওই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, “সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের জন্য সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না।”
বিএনপি যখন সরকারে ছিল, সে সময় বেশ কয়েকজন সাংবাদিকের খুন হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে ওবায়দুল কাদের প্রশ্ন করেন: “তাহলে কি বিএনপি তাদের দুর্নীতি ঢাকতেই সাংবাদিকদের নৃশংসভাবে হত্যা ও নির্যাতন করেছিল?
“শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট।”
গত এক যুগে সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সাফল্য না পাওয়ার বিষয়টি সামনে এনে দলটি মহাসচিবকে কটাক্ষও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “বিএনপি মহাসচিব আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মত শক্তি ও সামর্থ্য কি তাদের আছে? যারা দলের চেয়ারপার্সনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে আন্দোলন সংগ্রামের কথা মানায় না।
“বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আর আষাঢ়ের তর্জন-গর্জনই সার। এদেশের ইতিহাসে বিএনপির মত ব্যর্থ বিরোধী দল একটিও নেই।”
জনগণ ‘সরকারের পাশে নেই’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, “নির্বাচনই যদি মাপকাঠি হয়, তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে, এদেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সাথে আছে।
“পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এদেশের জনগণ শেখ হাসিনা সরকারের সাথে আছে কি নেই। বিএনপি গলাবাজি করলেই সরকার জনবিচ্ছিন্ন হবে না।”
