‘একদলীয় শাসনের দ্রুত অবসান’ হবে: অলি
দেশে ‘একদলীয়’ শাসনের ‘খুব দ্রুত’ অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন অলি আহমদ।
রোববার বিকালে এক আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একদলীয় শাসনের অবসান আসন্ন; কলস ভর্তি হয়ে গেছে। এখন ধ্বংসের দিকে আগাবে। আমি বিশ্বাস করি, খুব দ্রুতই একদলীয় শাসনের অবস্থা হবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের একদলীয় শাসনের অবসান থেকে মুক্তি দেবেন।”
ক্ষমতার ‘পালাবদলে’ করণীয় কী, তা নিয়েও সকলকে ভাবতে বলেন সাবেক এই সেনা কর্মকর্তা।
তিনি বলেন, “হঠাৎ যদি ক্ষমতার পালাবদল হয়, তত্ত্বাবধায়ক সরকার আসে। তখন যদি ২০০৭ সালের মত কাপড়-চোপড়ে পায়খানা-প্রশ্রাব করে দেয়, তাহলে আর দেশ চালাতে পারবে না। এবার ফেল (ব্যর্থ) হলে চলবে না। আমাদেরকে শক্ত হাতে মুক্তিযোদ্ধাদেরকে এগিয়ে আসতে হবে, শক্ত হাতে দেশ পরিচালনা দায়িত্ব দিতে হবে।
“একদলীয় শাসনের অবসান হলে তখন আমাদের কী করণীয়? সেজন্য আমরা জাতির উদ্দেশে এলডিপির পক্ষ থেকে কিছু পয়েন্ট দিলাম। সবাই চিন্তা করুক।”
দেশের ‘চলমান সঙ্কট উত্তরণে’ ২২ দফা করণীয় তুলে ধরেন অলি।
এর মধ্যে আছে- নির্বাচন কমিশন ও নির্বাচন পদ্ধতিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কার, কোনো মধ্যবর্তী বা পুনঃনির্বাচন নয়, নতুনভাবে নির্বাচন অনুষ্ঠান, বর্তমান নির্বাচন কমিশনের আমূল পরিবর্তন, দুর্নীতি দমন কমিশন আইনের সংস্কার, নতুন সংবিধান রচনা, আইনের সংস্কার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ‘ভারসাম্য’ নিশ্চিত করা, দুর্নীতিবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু বিচারের জন্য বিভিন্ন জেলায় একাধিক বিশেষ আদালত ও দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করা, প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন, রাজনৈতিক দলগুলোকে সাংবিধানিক পন্থায় তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া, বাংলাদেশকে ১২টি প্রদেশে বিভক্ত করা ও সম্পদের সুষম বণ্টন ইত্যাদি।
২০০১ সাল থেকে এখন পর্যন্ত ‘প্রতিহিংসামূলক সকল মিথ্যা রাজনৈতিক মামলা’ প্রত্যাহারের কথাও বলেছেন অলি।
সাবেক এই বিএনপি নেতা বলেন, “বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন।... রাষ্ট্রপতি জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার বয়স, শারীরিক অবস্থা এবং সর্বোপরি জাতির প্রতি তার অবদান বিবেচনায় নিয়ে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রতিহিংসা ও প্রতিশোধমূলক মিথ্যা মামলা জরুরি ভিত্তিতে প্রত্যাহার করতে হবে।“
বিজয় দিবস সামনে রেখে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মুক্তিযুদ্ধ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন হয়।
অলি বলেন, “দেশে নাই শান্তি, নাই ন্যায়বিচার। সুশাসন নির্বাসিত এবং গণতন্ত্রকে দাফন করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। কারও জানমালের নিশ্চয়তা নাই। দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। জাতি আজ এক শ্রেণির দুর্নীতিবাজ, লুটেরা ও লোভী রাজনীতিবিদদের হাতে জিম্মি। তারা আমাদের স্বপ্নকে ধলিসাত করে দিয়েছে, দেশকে তছনছ করে দিয়েছে, ঐক্য বিনষ্ট করেছে।”
এই অবস্থার পরিবর্তনে ‘সরকারকে পদত্যাগ করে শান্তিপূর্ণ পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের’ আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান।
তিনি বলেন, “এতে দেশে শান্তি ফিরে আসবে। দক্ষ, অভিজ্ঞ, সৎ, শিক্ষিত এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করার সুযোগ সৃষ্টি হবে।”
মুক্তিযুদ্ধ প্রসঙ্গ
অলি আহমদ বলেন, “আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাব পেয়েছি। কিন্তু পদে পদে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেনি, তারা আজ মুক্তিযুদ্ধের ওপর আমাদের দেওয়া তথ্য ভুল বলে প্রমাণ করতে চায়।
“এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। এই ধরনের সোনার বাংলার জন্য জাতি মুক্তিযুদ্ধ করেনি।”
গত ৮ ডিসেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করায় অলি আহমদের লেখা ‘রেভোলিউশন, মিলিটারি পাসোনেল অ্যান্ড দ্যা ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ’ বইটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
ওই বইতে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে ‘দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করেছেন অলি।
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের সভাপতিত্বে যুগ্ম মহাসচিব তামিজউদ্দিন টিটোর সঞ্চালনায় এ আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক ও এলডিপির সাহাদাত হোসেন মানিক বক্তব্য দেন।
