বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে বিএনপির সীমিত আয়োজন
মহামারীর কারণে এবার সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করবে বিএনপি।
রোববার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিবসের কর্মসূচি ঘোষণা করেন।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেবে দলটি। পরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরেও ফুল দেওয়া হবে।
এসব অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতারা থাকবেন।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
