২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‌‌ভাস্কর্য সমস্যার সমাধান আলোচনায়: ইসলামী পার্টি

ভাস্কর্য নিয়ে রাজনীতি নয়, সরকারের সঙ্গে আলেম সমাজের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় সরকার সমর্থক বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 03:09 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, “বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে ভাস্কর্য  নিয়ে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে প্লাটফর্ম হিসাবে ব্যাবহার করে বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। যদিও ভাস্কর্য বা মূর্তি ইসলামে বৈধ নয়, কিন্তু তারপরও বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ কোনো নতুন বিষয় নয়। সারাদেশে মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য রযেছে।জিয়াউর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ অনেকের ভাস্কর্য আছে।

“পৃথিবীর ইতিহাসে সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, মিশর, পাকিস্থান, এবং তুর্কিতেও ভাস্কর্য রয়েছে। ইতিহাসকে সংরক্ষনের জন্য তারা ভাস্কর্য নির্মাণ করেছে। দেশের প্রায় ৯০ ভাগ মানুষ মুসলমান। আলেম সমাজকে বাদ দিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সরকারের যেকোনো সিদ্ধান্তে আলেম সমাজের দ্বিমত থাকলে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য বলে আমি মনে করি।”

ভাস্কর্য বিরোধিতার নামে ‘একটি কুচক্রী মহল মাদরাসা ছাত্রদের ব্যবহার করে রাজনীতি করছে’ মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, তৃণমূলের সরকার এবং ইসলামের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক। একটি কুচক্রী মহল ভাস্কর্য  নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। সরকার ও জনগণের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি করছে। আমাদের দেশের হক্কানী আলেমদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। মাদরাসার ছাত্রদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করছে। আমরা তাদেরকে কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই,আলেম সমাজের নাম ব্যবহার করে এধরনের চক্রান্ত আমরা মেনে নেব না।”

ভাস্কর্য নিয়ে দলের অবস্থান জানতে চাইলে ইসমাইল হোসাইন বলেন, “আমরা মনে করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতা। জাতির জনকের ভাস্কর্যের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে জাতির জনকের নামে হাসপাতাল, শহর, এয়ারপোর্ট, মসজিদ, ট্রাস্ট নির্মাণ, এমনকি মিনার নির্মাণ করা। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাব বিষয়টি বিবেচনা করার জন্য। সেইসাথে জনগণকে আহ্বান জানাতে চাই সরকারের প্রতি আস্থাশীল থাকুন।”

সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, যশোরের পীর মাওলানা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।