২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলার দ্রুত বিচারের দাবি বাম জোটের

বিচারের দীর্ঘসূত্রতা দূর করে সব ধর্ষণের সুষ্ঠু বিচার ও দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 09:48 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ-খুন বন্ধ, সব ধর্ষণের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

জোটের সমন্বয়ক ও বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ বলেন, “দেশে বিচারহীনতার যে রেওয়াজ গড়ে ওঠেছে তা এবং বিচারের দীর্ঘসূত্রতা দূর করে সকল ধর্ষণের সুষ্ঠু বিচার ও দ্রুত রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।”

সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ-খুন-নির্যাতনের ঘটনায় গোটা জাতি ‘স্তম্ভিত ও উদ্বিগ্ন’ মন্তব্য করে তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে খুন-ধর্ষণ অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে। শাসক দলের আশ্রয়-প্রশ্রয়েই ধষণের ঘটনা ঘটে চলেছে। সেজন্য কখনো পুলিশ মামলা নিতে গড়িমসি করে, কখনো মামলা হলেও বিচার প্রক্রিয়ার ও রায় বাস্তবায়নের দীর্ঘসূত্রতার কারণে ধর্ষকেরা পার পেয়ে যায় এবং আরও উৎসাহিত হয়।”

সমাবেশে বাম নেতারা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে গণপ্রতিরোধ গড়ে তুলতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ হয় সমাবেশ।

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজের সভাপতিত্বে জোটের কেন্দ্রীয় নেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খান, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূইয়া, বাসদ (মার্কসবাদী) নেতা আকম জহিরুল ইসলাম, সিপিবি নেতা সেকান্দার হায়াত ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন বাসদ নেতা খালেকুজ্জামান লিপন।