রাজনীতিতে পরিবর্তনের জন্য একমাত্র শক্তি জাতীয় পার্টি: জিএম কাদের
দেশের রাজনীতিতে পরিবর্তনের জন্যই জাতীয় পার্টিই একমাত্র শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
জাতীয় পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানে রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশ নেতাকর্মীর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত সভায় জি এম কাদের এসব কথা বলেন
তিনি বলেন হয়েছে, “দীর্ঘ দিন রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মত বড় বড় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসিত হয়েছে। আবার খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে তেমনি সমালোচিত হচ্ছে। অন্যদিকে বিএনপি নানা কারণে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে। বিএনপির ভবিষ্যত নিয়ে অনেকেই সন্দিহান।
“দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি অত্যন্ত সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টির শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল না। তাই নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টি একটি আদর্শ রাজনৈতিক শক্তি।”
বাজারে পেঁয়াজের সঙ্কটের মধ্যে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে খোলা বাজারে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় শুরু করেছে।
তবে টিসিসির এ উদ্যোগের মাধ্যমে চলমান সঙ্কট নিরসন করা যাবে না বলেও মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
তিনি বলেন, “আমদানির সাথে জড়িত হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী বাজার মূল্য নিয়ন্ত্রণ করছে। আর বাড়তি মূল্যের জন্য মন্ত্রণালয়ের রোষানলে পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। মৌসুমে কৃষকরা কৃষিপণ্যের ন্যায্য মূল্য পায় না। কিন্তু সরকারের অব্যবস্থাপনায় সেই পণ্য কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়। এতে হাহাকার হঠে সাধারণ মানুষের মাঝে।
“টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে নির্দিষ্ট সময়ে পরিকল্পিতভাবেই নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হবে।”
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও দলের ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদসহ আরও অনেকে।
পরে একই মিলনায়তনে লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে জাতীয় পার্টি ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঢাকা বিভাগের ১৩ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
