২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য চেষ্টা চলছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য সরকার দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিকসহ বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 08:51 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘জাতীয় শ্রমিক লীগ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের জাতীয় সংসদ এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনার জবাবে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর থেকে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে তাদের সময় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র নীতি বলতে আদৌ কিছু ছিল কি?

“যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে নিজেদের স্বার্থে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে তাদের মুখে নীতির কথা মানায় না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকার পরিচালনার সকল ক্ষেত্রে ভিশনারি নীতি মেনে সুদক্ষভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই ভীত গড়ে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যা ১৯৭২ সালের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ আছে।”

তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুঝতে পারেন নাই, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কোনো পক্ষ নয়। রোহিঙ্গা ইস্যুতে পক্ষ হল- মিয়ানমার ও রোহিঙ্গা জনগোষ্ঠী। ২০১৭ সালে মিয়ানমারের আরাকান রাজ্যে উদ্ভূত ঘটনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতা ও মানবিকতার দিকটি বিবেচনা করে তাদেরকে আশ্রয় দিয়েছিল সরকার।

“বাংলাদেশ সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থায়ী সমাধান খোঁজার জন্য দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিকসহ বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে।বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যু সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে এবং তা চলমান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের চাপ ও আন্তর্জাতিক আদালতের আদেশ থাকা সত্ত্বেও মিয়ানমার তার জায়গায় অনড় রয়েছে। রোহিঙ্গা সমস্যা অস্থায়ীভাবে সমাধান করলে পরবর্তীতেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।”

১৫ অগাস্টের হত্যাকাণ্ড নিছক কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না, সেদিনের হত্যাকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক চক্রের সুগভীর পরিকল্পনার অংশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “এর মধ্য দিয়ে বাঙালির সম্ভাবনাময় ভবিষ্যৎকে নিকষ কালো মেঘের আবরণে আচ্ছাদিত করার অপচেষ্টা করা হয়।

“বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী মোশতাক-জিয়া চক্রের ভূত দেশকে পেছনের দিকে নিয়ে গেছে। তারা অবৈধ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জাতির বিবেককে কারারুদ্ধ করে ফেলেছিল। জাতির পিতা হত্যার বিচার করা তো দূরের কথা- মোশতাক এই হত্যার বিচার রহিতকরণের জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করলে শামরিক শাসক জিয়া সেটাকে সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করে।

“দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী চক্রের সুগভীর পরিকল্পনা এবং সামরিক ও রাজনৈতিক দোসরদের যৌথ প্রযোজনায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল বলেই তারা অনায়াসে রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেদের অপপ্রয়াস বাস্তবায়নে ব্যবহার করতে পেরেছিল। মোশতাক-জিয়ার পরবর্তী কর্মকাণ্ডই সাক্ষ্য দেয় এ হত্যাকাণ্ডের পেছনে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল।”

শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও সংগঠনের সাধারণ সম্পাদক আজম খসরু।