ক্ষমতাসীনরা জিয়াকে ‘খাটো করার চেষ্টা’ করছে: ফখরুল
ক্ষমতাসীনরা ‘মিথ্যাচার করে’ জিয়াউর রহমানকে ‘খাটো করার চেষ্টা’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করতে গিয়ে আবারও তিনি স্বাধীনতার ঘোষণা নিয়ে আদালতের রায়কে অগ্রাহ্য করে বক্তব্য দিয়েছেন।
ফখরুল বলেন, “আজকে বিভিন্ন পত্র-পত্রিকায় দেখবেন, এই দেশের স্বাধীনতা যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধ করলেন, যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, দেশকে জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।”
সাবেক সামরিক শাসক জিয়াকে বিএনপি ‘স্বাধীনতার ঘোষক’ বলে দাবি করে এলেও ২০০৯ সালের অগাস্টে হাই কোর্টের এক রায়ের মাধ্যমে এ বিষয়টি এখন মীমাংমিত। সেই রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষক।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতায় বসে সেনাপ্রধান করেন জিয়াকে। এরপর সেনাবাহিনীতে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্যে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন জিয়া।
সামরিক আইন প্রশাসক হওয়ার পর নিজেকে রাষ্ট্রপতিও ঘোষণা করেন জিয়া, যা তিনি অবৈধভাবে করেছিলেন বলে ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে বলা হয়।
ভার্চুয়াল আলোচনায় ফখরুল বলেন, “আসলে আওয়ামী লীগের যে কেমেস্ট্রি, এই কেমেস্ট্রিটা হচ্ছে দলীয়করণের কেমেস্ট্রি। ওখানে আপনার নিরপেক্ষতা অথবা দলের বাইরে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে কাজ করা- এটা তাদের মধ্যে নেই। আজকে গোটা রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে তারা। এটা তাদের আদর্শগত, নীতিগত বলব।
দেশ এখন ‘খুব খারাপ সময়ের মধ্যে’ দিয়ে যাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, “এই সময়ে খেলাধুলা বলুন, গান-বাজনা বলুন আর রাজনীতি বলুন, কোনটাই দলীয়করণের বাইরে নয়। আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম, সেই চেতনাটি ছিলো গণতান্ত্রিক চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার চেতনা, গণতান্ত্রিক সমাজ নির্মাণ করবার চেতনা, সেই চেতনাকে আমরা হারিয়ে ফেলেছি।
বর্তমানে ক্ষমতাসীনরা সেই চেতনাকে ‘বিনষ্ট করে একদলীয় ফ্যাসিবাদী সরকার’ প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
“এখানে খেলাধুলা আলাদা ব্যাপার নয়, ক্রীড়াঙ্গন আলাদা ব্যাপার নয়। পুরো রাষ্ট্রটাই এখন একটা দলের মধ্যে, চিন্তার মধ্যে চলে গেল।”
“আমরা দল-মত নির্বিশেষ আমাদের যে রাষ্ট্র, যেটা আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র, বহু চিন্তার যে রাষ্ট্র, বহুমতের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এখানে কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে সিপিবি করে, কে অন্যান্য দল করে ওটা বেশি ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এই রাষ্ট্রকে সকলের কথায়, সকলের মতের চিন্তার, স্বাধীনতা এবং জনগণের প্রতিনিধিদের নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে করব। তাহলেই ক্রিকেট, ক্রীড়াঙ্গন সবকিছুরই উন্নয়ন হবে।”
বিএনপি মহাসচিব দাবি করেন, বাংলাদেশের ক্রিকেটের যে ভিত্তি এখন আছে, তা ‘তৈরি করেছেন’ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
কোকোর ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ক্রীড়া উন্নয়ন পরিষদ’ নামে এক সংগঠনের উদ্যোগে এই ভার্চুয়াল আলোচনা সভায় কোকোর নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলারও প্রস্তাব করেন ফখরুল।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত ‘ক্রীড়া উন্নয়ন পরিষদ’ সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় এ আলোচনা সভা হয়।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিকনায়ক শফিকুল হক হীরা, ক্রিকেট বোর্ডের সাবেক সহসভাপতি শাহ নুরুল কবির শাহিন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব কাজী মহিউদ্দিন বুলবুল, ক্রীড়া সংগঠক তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।
