২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সামরিক শাসন অবৈধ

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সেইসঙ্গে এইচ এম এরশাদের সামরিক শাসনকেও সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 08:56 AM

Updated : 26 Apr 2022, 01:21 AM

সংবিধানের সপ্তম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর বৃহস্পতিবার দুপুরে এ রায় দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ।

দুপুর ১২টা ৪৩ মিনিটে এ রায় দেওয়া শুরু হয়; শেষ হয় ২টা ৪৭ মিনিটে।

আদালত রায়ে বলেছে, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের জারি করা সামরিক শাসন, এর পর থেকে ১৯৮৬ সালের ১১ নভেম্বর পর্যন্ত জারি করা সকল সামরিক আদেশ, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, সামরিক আইন আদেশ ও সামরিক আইন নির্দেশ অবৈধ।

সব আদেশ, কার্যক্রম, রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বা অন্য কোনো কর্তৃপক্ষের আদেশ অবৈধ।

তবে বিশৃংখলা এড়ানোর জন্য পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে এরশাদের আমলের কর্মকান্ডকে মার্জনা করা হল।

রায়ে বলা হয়, ভবিষ্যতে অবৈধভাবে ক্ষমতা দখল রোধ করার জন্য সংসদ, সংবিধান বা দণ্ডবিধিতে অবৈধ ক্ষমতা দখলকারীর শাস্তি নির্ধারণ করতে পারবে। যাতে করে ভবিষ্যতে এভাবে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করতে না পারে।

আদালত বলেছে, খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের মতো এইচ এম এরশাদও অবৈধ ক্ষমতা দখলকারী। তার এই কাজকে মার্জনা করা যেতে পারে না। অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে এরশাদ তার দায় এড়াতে পারেন না।

সংবিধানের পঞ্চম সংশোধনীর রায় অনুযায়ী এই ধরনের অবৈধ ক্ষমতা দখলকারীকে যথাযথভাবে শাস্তি (সুইটেবলি পানিশ) দেওয়া যেতে পারে। তবে সংসদ এ বিষয়ে আইন প্রণয়ন করতে পারে।

রায়ে আরো বলা হয়, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে মুজিবনগর সরকার গঠন থেকে সংবিধান কার্যকর করার সময় পর্যন্ত গৃহীত সমস্ত কাজকে ক্রান্তিকালীন বিধান হিসেবে বৈধতা দেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদে আর কোনো বিধান যুক্ত করার পথ চিরতরে বন্ধ করা হলো।

আদলত রায়ে বলেছে, সংবিধানে সামরিক আইনের কোনো বিধান নেই। তাই সামরিক আইন জারি অবৈধ।

কোনো সংসদ সংবিধান পরিপন্থী কোনো আইন পাস করতে পারে না এবং বৈধতা দিতে পারে না। সামরিক আইন আদেশ অবৈধ হওয়ায় এর অধীনে জারি করা সমস্ত কাজ, ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা এবং সেই আদালতে বিচার অবৈধ।

আদালত বলেছে, সংবিধান জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণই সব ক্ষমতার মালিক। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই আইনের ওপর সামরিক আইনসহ কোনো আইনের অবস্থান হতে পারে না।

আদালত রায়ে বলেছে, জেনারেল এরশাদ জিয়ার উত্তরসূরি হিসেবে বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা দখল করেন। এরশাদ ক্ষমতা দখল করে সংবিধান স্থগিত করেন।

খন্দকার মোশতাক আহমেদ ও জেনারেল জিয়া সামরিক ফরমান বলে মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধানের যে মূল নীতি করা হয়েছিলো তা পরিবর্তন করেন।

১৯৮৬ সালে সংসদ গঠিত হলে ওই সংসদে এরশাদের সমস্ত সামরিক ফরমান ও কাজের বৈধতা দেওয়ার জন্য সপ্তম সংশোধনী পাস করা হয়।

আদালত রায়ে বলেছে, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিদেশি শক্তির সহায়তায় কতিপয় উচ্ছৃঙ্খল সেনা সদস্য হত্যা করে। খন্দকার মোশতাক আহমেদ স্পিকার বা ভাইস প্রেসিডেন্ট না হয়েও অবৈধভাবে ক্ষমতা দখল করেন। খন্দকার মোশতাকের কাছ থেকে ক্ষমতা দখল করেন জেনারেল জিয়াউর রহমান। জিয়া মুক্তিযুদ্ধের চেতনায় সংবিধানে নেওয়া মূলনীতি উঠিয়ে দিলেন।

জিয়া বাংলাদেশের সরকারি টেলিভিশন ও বেতারের নাম পরিবর্তন করেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

রায়ে বলা হয়, পাকিস্তানপন্থী শাহ আজিজুর রহমানকে জিয়া প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। এছাড়া কর্নেল মুস্তাফিজুর রহমানসহ পাকিস্তানপন্থী অনেককে পুনর্বাসিত করেন জিয়া। তিনি বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করতে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছেন। সুযোগ করে দিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতি করার।

জিয়া খন্দকার মোশতাকের সহায়তায় ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পথ বন্ধ করেছিলেন বলেও রায়ে উল্লেখ করা হয়।

রায়ে আরও বলা হয়েছে, জিয়া সামরিক ফরমানের বলে সামরিক আদালত ও ট্রাইবুনাল গঠন করে কর্নেল তাহেরসহ অনেক মুক্তিযোদ্ধাকে অবৈধভাবে বিচার করে শাস্তি দিয়েছেন।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। ১৯৮২ সালে এরশাদের সামরিক আইন জারি থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সমস্ত কর্মকান্ড অবৈধ ঘোষণা করেছে আদালত।

তিনি বলেন, ইতোপূর্বে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করেছিল সর্বোচ্চ আদালত। এখন সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করল হাইকোর্ট। তবে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের মতো এ রায়েও এরশাদের আমলে করা সমস্ত কর্মকান্ডকে মার্জনা করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে আদালত বলেছেন, জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেই ক্ষান্ত হননি। তিনি সংবিধান স্থগিত করেন ও মূল কিছু বিধান পরিবর্তন করেছেন। কিন্তু এরশাদ কেবল সংবিধান স্থগিত করেছিলেন। কিন্তু কোনো বিধান রদবদল করেননি। এরশাদ অন্যায় করেছেন। তবে জিয়াউর রহমান গুরুতর অন্যায় করেছেন।

এরশাদের শাস্তির বিষয়ে আদালত রায়ে কোনো পর্যবেক্ষণ করেছেন কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চম সংশোধনী মামলার রায়ের মতো এ রায়েও আদালত বলেছেন, অবৈধ ক্ষমতা দখলকারীদের শাস্তির বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদের।

তিনি বলেন, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করার আগের বিষয় ক্রান্তিকালীন বিষয় হিসাবে মেনে নেওয়া হয়েছিল। কিন্তু এর সুযোগ নিয়ে এরশাদ ও জিয়াউর রহমান তাদের ক্ষমতা দখল ও ক্ষমতা ছেড়ে দেওয়ার বৈধতা দিয়েছেন। হাইকোর্ট রায়ে বলেছে, ১৫০ অনুচ্ছেদ বন্ধ করা হলো।

রিট আবেদনকারী সিদ্দিক আহমেদের বিচার ও শাস্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ে বলা হয়েছে, আবেদনকারী এতদিন শাস্তি ভোগ করেনি। সে এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করবে। ফৌজদারি আইনে সে প্রতিকার চাইতে পারে।

মাহবুবে আলম বলেন, আদালত সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুযায়ী এ রায়ের বিরুদ্ধে আপিলের সনদ দিয়েছে। এখন থেকে এটি আপিল হিসাবে গণ্য হবে। আপিল বিভাগ শুনানি গ্রহণ করে প্রয়োজনে হাইকোর্টের রায় সংশোধন করতে পারবে।

রিট আবেদনকারীর আইনজীবী হাসান এস এম আজিম সাংবাদিকদের বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। হাইকোর্ট এরশাদের শামরিক শাসনকে বৈধতা দানকারী সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, তবে আদালত ওই সময়ের কর্মকান্ডকে মার্জনা করেছে। রিট আবেদনকারীর বিচারের বিষয়ে যথাযথ আদালতে নিষ্পত্তির পরামর্শ দিয়েছে হাইকোর্ট।

বুধবার রিট আবেদনটির ওপর শুনানি শেষে রায় দেওয়ার এ দিন ধার্য করা হয়।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এস এম আজিম। শুনানিতে সরকার পক্ষে আরো বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা।

গত ৫ এপ্রিল সাবেক সামরিক শাসক এইচএম এরশাদের ক্ষমতা গ্রহণ এবং ১৯৮২ থেকে '৮৬ সাল পর্যন্ত সব সামরিক ফরমান, আইন, আদেশ, নির্দেশকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনী কেন অবৈধ হবে না- তার কারণ জানতে চায় হাইকোর্ট।

সামরিক আদালতে সাজাপ্রাপ্ত চট্টগ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের একটি রিট আবেদনে বিচারপতি মো. মমতাজ উদ্দিন এবং বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ সরকারের প্রতি এ আদেশ দেয়।

এর আগে গত ২ ফেব্র"য়ারি সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করে আপিল বিভাগ।

২০০৫ সালের ২৯ অগাস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়।

রায় স্থগিতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আবেদন করলেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার সে আবেদন প্রত্যাহার করে নেয়।