কালো টাকা সাদা করার সুযোগে লুটপাট বাড়বে: সিপিবি
নতুন অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ অবারিত করার সমালোচনা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সিপিবি বলেছে, “প্রস্তাবিত বাজেট ১ শতাংশ লুটেরা ধনিক শ্রেণির স্বার্থরক্ষার গণবিরোধী দলিল।”
সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে দলের লিখিত বক্তব্য পাঠ করেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।
তিনি বলেন, “ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে অর্থনীতিতে লুটপাটের ধারা আরও জোরদার করার ব্যবস্থা করা হয়েছে।”
এ বিষয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “কালো টাকা বাজেয়াপ্ত করলে এবং পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনলে অন্তত তিন বছর বাজেটে অর্থের অভাব হবে না।”
বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ক্ষেত্রেও ১০ শতাংশ কর দিয়ে সেগুলো আয়কর রিটার্নে দেখালে তা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে বাজেট প্রস্তাবে বলা হয়েছে।
১০ শতাংশ কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়াই ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কেনা, দালান নির্মাণ এবং অর্থনৈতিক অঞ্চল ও হাই টেক পার্কে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আগে থেকেই ছিল।
বাজেটের পরোক্ষ কর প্রত্যক্ষ করের ‘দ্বিগুণ করার’ সমালোচনা করে সিপিবি বলেছে, “এই দুঃসহ করভারের সবটাই বহন করতে হবে গরিব-মধ্যবিত্তসহ সাধারণ নাগরিকদের। অথচ বিত্তবানদের উপর ধার্য প্রত্যক্ষ কর হ্র্রাস করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে কর রেয়াত অব্যাহত রাখা হয়েছে, অপ্রদর্শিত কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে।
“এই বাজেটে এভাবেই গরিব জনগণের সম্পদ মুষ্ঠিমেয় লুটেরা ধনিকের হাতে প্রবাহিত করার প্রস্তাব করা হয়েছে।”
বাজেট বাস্তবায়নের পথে সমাজে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা করে সিপিবি বলেছে, “ধন বৈষম্য ও শ্রেণি বৈষম্য বৃদ্ধি করা, সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য বৃদ্ধি করা ইত্যাদি হবে এই বাজেটের ফলাফল। এই বাজেট জাতির অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক পরিমণ্ডলে নৈরাজ্য, অস্থিতিশীলতা ও নাজুকতা বাড়িয়ে তুলবে।”
বাজেটের সমালোচনা করে সিপিবি সভাপতি সেলিম বলেন, “বিগত সব বাজেটেরই মৌলিক বিষয় হচ্ছে ধনীকে আরও ধনী এবং গরিবকে আরও গরিব করা। এবারের বাজেট তার সামান্য ব্যতিক্রম নয়। সরকারের দর্শন হল, গরিবের কাছ থেকে টাকা নিয়ে লুটেরা-ধনিক শ্রেণির জন্য তা ব্যয় করা।”
স্বাস্থ্য খাতে বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, “আমরা বলেছিলাম, বাজেটের ১৫ শতাংশ বা জিডিপির ৪ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে। সরকার তার ধারে কাছে যায়নি। সরকারের প্রস্তাবিত বাজেট দেখে মনেই হয় না যে, দেশে এবং সারা দুনিয়ায় একটা মহামারী চলছে।”
সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, “সরকার মুক্তবাজার অর্থনীতির দর্শন থেকে বিন্দুমাত্র সরে আসতে পারেনি। ফলে করোনা মহামারীকালীন সময়ে মানুষের জীবন ও জীবিকা বাঁচানোর জন্য যে বাজেট হওয়া দরকার ছিল, তার পরিবর্তে সরকার প্রবৃদ্ধির গ্যাঁড়াকলে আটকে আছে।”
