২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মৃত্যুতে শোকাতুর রাজনৈতিক অঙ্গন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক বিহ্বল রাজনৈতিক অঙ্গন। নাসিমের নিজ দল ছাড়াও শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাজপথের অন্যতম বিরোধী দল বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 05:19 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। তারপর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে মারা যান।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে ষষ্ঠবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র ছিলেন নাসিম।

সেই জোট এক বিবৃতিতে বলেছে, “এদেশের মুক্তিযুদ্ধে, গণতান্ত্রিক আন্দোলনে এবং বিশেষ করে ১৪ দলের সংগ্রাম-আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন একজন অকুতোভয় যোদ্ধা।”

“বিএনপি-জামাতবিরোধী সংগ্রামে তাকে দৈহিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। একইভাবে ১/১১ সেনাশাসনে জেলখানায় তার ওপর নিপীড়নের ফলে তাকে স্ট্রোকে আক্রান্ত হতে হয়েছিল। তারই পরিণতিতে আবারও স্ট্রোক আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করলেন। এই দুঃখ আমাদের রাখার জায়গা নেই।”

এক শোক বার্তায় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, “মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল আন্দোলনে বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে জাতি আজ সত্যিকারের নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ হারাল, যা সহজে পূরণ হবার নয়।”

জাতীয় ঐক্যফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের ভুমিকা স্মরণীয় হয়ে থাকবে।

জোটের নেতারা নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন, জেএসডির আ স ম আবদুর রব, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের রেজা কিবরিয়া, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

আওয়ামী লীগের জোটসঙ্গী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোকবার্তায় বলেছেন, সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনে ঐতিহাসিক অগ্রণী সাহসী ভূমিকা, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারকে গ্রেপ্তার-বিচার-শাস্তি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সশস্ত্র সন্ত্রাসীদের আত্মসমর্পণ, মোবাইল ফোনের একচেটিয়া ব্যবসায়কে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক করে দেয়ার জন্য মোহাম্মদ নাসিম চিরস্মরণীয় হয়ে থাকবেন।

“মোহাম্মদ নাসিম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও রক্ষার জন্য সর্বদা আন্তরিক ও সচেষ্ট ছিলেন। মোহাম্মদ নাসিমের মৃত্যতে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অপরিসীম ক্ষতি ও শূন্যতা সৃষ্টি করবে,” বলা হয় বার্তায়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শোক প্রকাশ করে বলেন, করোনাকালে এই প্রয়োজনের সময় তার মৃত্যু চরম আঘাত হিসেবে এসেছে।

“তার নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ও যথাযথ ভূমিকা রেখেছিল। তার অবর্তমানে দেশ সেই ভূমিকা আর পাবে না। জাতি নাসিমকে যথাযোগ্য মর্যাদায় স্মরণে রাখবে।”

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এক শোক বার্তায় বলেন, “প্রয়াত মোহাম্মদ নাসিম ছিলেন অনুপম রাজনৈতিক বৈশিষ্টের অধিকারী। অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করে সাধারণ মানুষের অন্তর জয় করতে পেরেছিলেন মোহাম্মদ নাসিম। পাঁচ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তৃণমূলে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।”

“দেশ ও দেশের মানুষের কল্যাণে মোহাম্মদ নাসিম-এর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মোহাম্মদ নাসিম-এর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ এক পরীক্ষিত রাজনৈতিক অভিভাবককে হারাল।”

Image
মার্চ ১২, ২০১৭: আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে মোহাম্মদ নাসিম। ছবি: আসিফ মাহমুদ অভি

মার্চ ১২, ২০১৭: আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র হিসেবে মোহাম্মদ নাসিম। ছবি: আসিফ মাহমুদ অভি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এক শোকবার্তায় বলেন, “মহান মুক্তিযুদ্ধে এবং সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে তার অবদানকে আমি সম্মানের সাথে স্মরণ করছি। তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

বিভিন্ন ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে নাসিমের অবদান স্মরণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “যদিও রাজনৈতিক মত ও পথ নিয়ে আমাদের মধ্যে সম্পূর্ণ আলাদা অবস্থান, তারপরও বিভিন্ন ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে বিশেষ করে স্বাধীনতার পর থেকে নানা আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে করেছি।”

“তার সাথে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পরিচয় ও যোগাযোগ ছিল। বিশেষ করে স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলনের ওই সময় ১৫ দলীয় যে জোট, সেখানে আমরা ছিলাম। ওই জোটের বৈঠকে, আন্দোলনে, রাজপথে, সভায় তাকে আমরা সক্রিয় দেখেছি। তার মৃত্যু শোক ও দুঃখের বিষয়।”

মোহাম্মদ নাসিমকে বিরল রাজনীতিবিদদের একজন উল্লেখ করে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, বিভিন্ন সময় সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, নাগরিক সংগঠনের সাথে নাসিম মত বিনিময় করেছেন। এর পুরো কৃতিত্বটা হচ্ছে তার।

“আমরা বলতে পারি জাতি জনগণের একজন সত্যিকারের বন্ধু রাজনৈতিক নেতাকে হারিয়েছে। আর আমরা হারিয়েছি আমাদের আন্দোলনের একজন অভিভাবককে।”

এক শোকবার্তায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, “মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র। তার পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান।”

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আরও যারা শোক প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।

এছাড়া নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।