২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ঢাকায় ওয়ার্ড আ. লীগ নেতার মৃত্যু

ঢাকার শেরেবাংলা নগর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 10:46 AM

Updated : 18 Aug 2022, 03:09 PM

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান।

৬৭ বছর বয়সী বেলায়েত হোসেন খান ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি।

বজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন ধরেই বেলায়েত ভাইয়ের করোনাভাইরাসের উপসর্গ ছিল। পরে নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৯টার দিকে তিনি মারা যান।”

তিনি জানান মুক্তিযোদ্ধা বেলায়েত ২৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। সভাপতি হওয়ার আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বলে দলের উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান।